খামেনির প্রথম জানাজায় তেহরানে জনতার মহাসমুদ্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১১:৩৫ এএম


তেহরানে আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়োজিত এই জানাজায় অংশ নিতে লাখো মানুষ ভিড় করেন। জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগামী কয়েক দিনে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজার নামাজে রোববার (৫ জুলাই) তেহরানে লাখো শোকাহত মানুষ অংশ নিয়েছেন। ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত এই জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

আরও পড়ুন

এই জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধু আয়াতুল্লাহ আলি খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে নিহত বোশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। আর তৃতীয় ধাপে আলী খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনই তারা নিহত হন।

এর আগে শনিবার (৪ জুলাই) ভোরে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, শনিবার থেকেই মোসাল্লায় খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। এর আগে শুক্রবার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিশিষ্ট ব্যক্তি এবং বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় নেতারা আনুষ্ঠানিকভাবে তার প্রতি শ্রদ্ধা জানান।

আয়োজকেরা জানিয়েছেন, সোমবার (৬ জুলাই) তেহরানে মূল জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পরদিন মঙ্গলবার(৭ জুলাই) পবিত্র শহর কোমে শোভাযাত্রা ও জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নেওয়া হবে। বুধবার(৮ জুলাই) সেখানে তার স্মরণে বিশেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইরাকের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার(৯ জুলাই) ইরানের মাশহাদে এনে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission