যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। তবে শেষ মুহূর্তে প্যারাস্যুট ব্যবহার করে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে যান পাইলট।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে অবস্থিত মেরিন কোর বিমানঘাঁটির রানওয়েতে অবতরণের ঠিক আগে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত আশপাশের ঘাসে ছড়িয়ে পড়লেও দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা দূর থেকেও দেখা যায়।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এক আসনের অত্যাধুনিক যুদ্ধবিমান। অবতরণের শেষ মুহূর্তে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের কাছে আছড়ে পড়ে। তবে মাটিতে পড়ার আগেই পাইলট সফলভাবে প্যারাস্যুটের সাহায্যে বেরিয়ে আসেন।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। সামরিক নিয়ম অনুযায়ী, এ ঘটনার তদন্ত করবে মার্কিন সামরিক বাহিনী।
বিমান নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এই যুদ্ধবিমান বিশ্বের অন্যতম আধুনিক গোপন অভিযান সক্ষম যুদ্ধবিমান। এটি সাধারণ রানওয়ের পাশাপাশি হেলিকপ্টারের মতো প্রায় খাড়া অবস্থায় ওঠানামা করতে পারে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য ও ইতালির সামরিক বাহিনীও এই যুদ্ধবিমান ব্যবহার করে। একটি যুদ্ধবিমান তৈরিতে প্রায় ১০ কোটি ২০ লাখ ডলার খরচ হয়।
উল্লেখ্য, সান ডিয়েগোর এই সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাহিনীর প্রায় ১৫ হাজার সামরিক সদস্য দায়িত্ব পালন করছেন।
আরটিভি/জেএমএ



