
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস এলাকায় ফের ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
জার্মানির ভূতত্ত্ব গবেষণা সংস্থা জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ফ্লোরেস অঞ্চলটি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের অন্তর্ভুক্ত। এর আগে গত ১৫ আগস্ট শনিবার এই একই অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ওই বড় ধরনের কম্পনের পর কয়েক ঘণ্টার ব্যবধানে অঞ্চলটিতে অন্তত ৩৪১টি পরাঘাত বা আফটারশক রেকর্ড করা হয়। সেই ভূমিকম্পটির কেন্দ্রস্থলও ছিল ফ্লোরেস এলাকার ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
শনিবারের ওই ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের মাত্র ১২ ঘণ্টা পর দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সেই ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার অন্যতম বড় শহর পেমাতাংসিয়ানতার থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৮৩ দশমিক ২ কিলোমিটার গভীরে।
আরটিভি/এআর



