
গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করার উসকানিমূলক আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, কেবল তাৎক্ষণিক হুমকি তৈরি করা ব্যক্তিদের ওপর হামলা সীমাবদ্ধ রাখা উচিত নয়।
রোববার (১৬ আগস্ট) প্রচারিত একটি পডকাস্টে জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি নাগরিক রম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপে বেন-গভির এসব চরমপন্থী মন্তব্য করেন।
পডকাস্টে ইতামার বেন-গভির বলেন, ‘গাজায় এমন কিছু মানুষ রয়েছে, যারা বেঁচে থাকার যোগ্য নয়। তারা মানুষপদের বা বেঁচে থাকার আওতায় পড়ে না।’
বেন-গভির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের প্রভাবশালী সদস্য এবং ইসরায়েলি পুলিশ ও কারা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন। দেশটির সামরিক বাহিনীকে সরাসরি নির্দেশ দেওয়ার একক ক্ষমতা তার না থাকলেও যুদ্ধ নীতি নির্ধারণকারী নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আলাপে গাজায় সামরিক তৎপরতা কমানোর বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরোধিতা করে বেন-গভির পুর্নবার লক্ষ্যভিত্তিক হত্যা অভিযানের ওপর জোর দেন। এ সময় তিনি ইসরায়েলি সামরিক আদালতে প্রাণঘাতী হামলার দায়ে দণ্ডিত ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। পডকাস্ট চলাকালে ব্রাসলাভস্কি ফিলিস্তিনিদের নিজ হাতে গুলি করে হত্যা করার ইচ্ছা প্রকাশ করলে বেন-গভির তা বাস্তবায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এ ছাড়া পুরো গাজা ভূখণ্ডকে ইসরায়েলের অংশ দাবি করে সেখানে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে দিয়ে নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে মত দেন এই মন্ত্রী। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বা পরিকল্পিতভাবে বাস্তুচ্যুত করার যেকোনো চেষ্টা জাতিগত নিধনের শামিল।
আরটিভি/এআর



