
মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক বিশেষ পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। স্থানীয় আইন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার, কর্মস্থলের নীতিমালা এবং অনলাইন প্রতারণাসহ বিভিন্ন বিষয়ে করণীয় ও বর্জনীয় উল্লেখ করে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা জানায়।
যেসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ
হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের মালয়েশিয়ার আইন ও বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের কাজে দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। চাকরি, নিয়োগকর্তা কিংবা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।
এ ছাড়া অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল কিংবা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা এবং অনলাইন প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে তার সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে।
যেসব কাজ থেকে বিরত থাকার নির্দেশনা
হাইকমিশন সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার না করার নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে এমন কোনো উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার কিংবা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যা স্থানীয় আইন লঙ্ঘনের কারণ হতে পারে।
এ ছাড়া মালয়েশিয়ায় নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া এবং যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা কিংবা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, আইডি কার্ড, ব্যাংক তথ্য কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।
ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট, মন্তব্য বা বিতর্ক থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকতে বলা হয়েছে।
কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন কিংবা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার বিষয়েও বিশেষভাবে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সমস্যার মধ্যে রয়েছে প্রতারণামূলক ও অতিরিক্ত ব্যয়বহুল নিয়োগপ্রক্রিয়া। এ ছাড়া বৈধ কাগজপত্র-সংক্রান্ত জটিলতার অভিযোগও রয়েছে অনেক প্রবাসীর বিরুদ্ধে।
বৈধ কাগজপত্র না থাকা শ্রমিকদের বিরুদ্ধে মালয়েশিয়ায় নিয়মিত অভিযান ও আটকের ঘটনাও সাম্প্রতিক সময়ে বেড়েছে। এমন পরিস্থিতিতে আইন মেনে চলা এবং সামাজিক ও অনলাইন কর্মকাণ্ডে সতর্ক থাকার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
আরটিভি/এসকে


