
শ্রীলঙ্কায় দুই পক্ষের উত্তেজনার জেরে শুক্রবার দ্বিতীয় দিনের মতো পণ্ড হয়েছে সংসদীয় কার্যক্রম। এ সময় এক পক্ষ অন্য পক্ষের দিকে তেড়ে আসে এবং চেয়ার ছুড়ে মারে। এছাড়া এক পক্ষ অন্য পক্ষের দিকে মরিচের গুঁড়া ছুড়ে মেরেছে বলেও অভিযোগ করা হচ্ছে।
গত প্রায় ২০ দিন ধরে শ্রীলঙ্কায় সংকট চলছে। দেশটির প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা হঠাৎ করে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে সরিয়ে দিয়ে তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে মাহেন্দ্র রাজাপাকশের নাম ঘোষণা করেন। এরপরই সংকট শুরু হয়।
হঠাৎ করে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয়ায় বিক্রমাসিংহ ও তার দল এটা মেনে নেয়নি। গত বুধবার পার্লামেন্টে এ নিয়ে আয়োজিত অনাস্থা ভোটে হেরে যান রাজাপাকশে। পরদিন বৃহস্পতিবার আরেক ভোটাভুটি হয়। সেদিন এ নিয়ে সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়।
ওই সময় থেকেই পরিস্থিতি থমথমে হয়ে ছিল যা গতকাল প্রকাশ পায়। কাল একই বিষয়ে নিয়ে আলোচনা শুরু হলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় সংসদের চেয়ার-টেবিল ভেঙে সেগুলো মারামারিতে ব্যবহার করেন দুই পক্ষের সদস্যরা। এসময় তারা পরস্পরের দিকে মরিচের গুঁড়া ছুড়ে মারেন বলেও অভিযোগ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত সংসদে প্রবেশ করে পুলিশ। অনেকে এই ঘটনাকে ‘নজিরবিহীন’ হিসেবে উল্লেখ করছেন।
ডি/ এমকে




