
সৌদি আরবের কাছে কয়েকশ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছিলেন, সেটিকে আটকে দিয়েছে দেশটির সিনেট। ইরানের দিক থেকে সৌদি আরবের হুমকি আছে- এ কথা উল্লেখ করে গত মাসে কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের কাছে আট বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চেষ্টা করেন। খবর বিবিসি বাংলার।
কিন্তু বৃহস্পতিবার দুই দলের ঐকমত্যের ভিত্তিতে সিনেট অস্ত্র বিক্রি আটকে দেবার জন্য তিনটি প্রস্তাব পাস করেছে। সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি এই প্রস্তাবের ওপর ভেটো দেবেন।
ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেনটেটিভ বা প্রতিনিধি পরিষদও অস্ত্র বিক্রির এ উদ্যোগ আটকে দেবার সম্ভাবনা আছে। বিশ্লেষকরা বলেছেন, এটা মোটামুটি নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো উল্টে দেবার জন্য কংগ্রেসে প্রয়োজনীয় সংখ্যক ভোট নেই।




