
ফ্রান্সে গত সপ্তাহে একটি বৃহদাকার ডাইনাসোরের উরুর হাড় পাওয়া গেছে। ফ্রান্সের জীবাশ্মবিদরা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থানে ওই হাড়ের সন্ধান পায়।
ফ্রান্সের আঁজেক-শ্যারন্ট খননক্ষেত্র থেকে আবিষ্কৃত হওয়া দুই মিটার দীর্ঘ ওই হাড়টি একটি সরোপড ডাইনোসরের বলে ধারণা করা হচ্ছে। লম্বা ঘাড় ও লম্বা লেজ বিশিষ্ট তৃণভোজী এই ডাইনাসোর ১৪ কোটি বছর আগে জুরাসিক যুগের শেষদিকে পৃথিবীতে বিচরণ করতো।
প্যারিসের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের একজন জীবাশ্মবিদ রোনান অ্যালেইন বলেন, এটা একটি বড় আবিষ্কার। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই উরুর হাড়টি যেভাবে সুরক্ষিত ছিল তা দেখে আমি বিশেষভাবে অবাক হয়েছি।

অ্যালেইন বলেন, এই প্রাণিগুলোর ওজন সম্ভবত ৪০ থেকে ৫০ টন ছিল। এই জীবাশ্মবিদ বলেন, কগনাক শহরের কাছে অবস্থিত ওই খননক্ষেত্রে ২০১০ সাল থেকে খনন শুরু করার পর এখনও পর্যন্ত ৪০টি ভিন্ন প্রজাতির সাড়ে সাত হাজারের বেশি জীবাশ্ম পাওয়া গেছে। ইউরোপের আর কোথাও এতো বিপুল পরিমাণ জীবাশ্ম পাওয়া যায়নি।
-----------------------------------------------------------------
আরো পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় নিহত ৩
-----------------------------------------------------------------
উল্লেখ্য, ধারণা করা হয়, ওই খননক্ষেত্রে ১৪ কোটি বছর আগে জলাভূমি ছিল। এসব এলাকায় ওই তৃণভোজী ডাইনোসররা বসবাস করতো বলে মনে করা হয়।
এ/এমকে




