
জার্মানিতে মুসলিম নারীদের মসজিদে মুখ না ঢেকে প্রবেশাধিকারের জন্য লড়াই করায় নারী ইমাম সাইরান আতিস পেয়েছেন বার্লিনের বিখ্যাত সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান উরানিয়ার বিশেষ সম্মাননা। খবর জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের।
সাধারণত জার্মানির নারীদের অধিকার, ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলে থাকেন আইনজীবী ও লেখক আতিস। তুর্কি বংশোদ্ভূত এই জার্মান নারী প্রশিক্ষণ নিয়ে বার্লিনের ইবনে রুশদ-গ্যোটে মসজিদে ইমামের দায়িত্বও পালন করছেন।
আতিস ২০১৭ সালে মসজিদটি প্রতিষ্ঠা করেন। তবে অন্যান্য মসজিদের মতো নয় এটি। এখানে যে কেউ প্রবেশ করতে পারে। নারী ও পুরুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কোনও নারীকে এখানে মুখ ঢেকে প্রবেশ করতে হয় না।
আতিস এক সাক্ষাৎকারে বলেন, আমাদের মসজিদে কাউকে নেকাব বা বোরকা পরে আসতে হয় না। তার এই সামাজিক আন্দোলনের জন্য তাকে সম্মাননা জানালো উরানিয়া। ২৬ নভেম্বর সন্ধ্যায় এক আয়োজনের মধ্য দিয়ে তার হাতে উরানিয়া মেডেল তুলে দেয়া হয়।
তুরস্কের ইস্তাম্বুলে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন আতিস। চার বছর বয়স থেকেই তিনি জার্মানিতে বসবাস করছেন। ইসলামে মুক্তচিন্তার লড়াই, নারীদের সমান অধিকার এবং উদার মসজিদ প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে আলোচিত হয়ে উঠেছেন তিনি।
কে/সি




