
কুয়েতের নতুন সরকারের প্রধান হিসেবে মঙ্গলবার শপথ হিসেবে নিয়েছেন দেশটির আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া শেখ সাবাহ বিগত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর প্রায় এক মাস আগে পদত্যাগ করে কুয়েতের সরকার।
শেখ সাবাহর নতুন সরকারে দুজন উপ-প্রধানমন্ত্রী ও তিনজন নারী মন্ত্রী রয়েছেন বলে জানিয়েছে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা। কুনার খবরে বলা হয়েছে, শেখ আহমাদ মনসুর আল আহমাদ ডেপুটি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং আনাস আল খালেদ নাসের ডেপুটি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিসভা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নারী মন্ত্রীদের মধ্যে মরিয়ম ওকুয়েলে আল ওকুয়েল অর্থ মন্ত্রণালয় ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়া রানা আব্দুল্লাহ আল ফারেস পাবলিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী ও হাউজিং অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। আর গাদির মোহাম্মদ মাহমুদ পেয়েছে সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ গণমাধ্যমে আসার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেন আইনপ্রণেতারা। এরপরই নভেম্বরে তৎকালীন সরকার পদত্যাগ করে। এরপর অনাস্থা প্রক্রিয়া বাতিল করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল সাবাহকে প্রথমে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। কুয়েতে বিক্ষোভের কিছুদিন পরই সেখানে সরকারের পদত্যাগের ঘটনা ঘটে।
এ/পি




