
পুরো ভারতজুড়ে বিভিন্ন জায়গাতেই নাগরিকত্ব ইস্যুতে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা। কোথাও আবার অর্থনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে চাষিদের অবস্থা নিয়ে চলেছে সমালোচনার ঝড়। তবে এরই মাঝে এক ‘মোদি ভক্ত’ দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে গড়েছেন একটি মোদি-মন্দির।
তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে মোদির মন্দিরে রয়েছে তামিল রাজনীতির তাবড় নেত্রী জে জয়ললিতার ছবি, রয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর ছবি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। আর তাদের মাঝখানে অধিষ্ঠান রয়েছে নরেন্দ্র মোদির মূর্তির।
এই মন্দির নির্মাণকারী চাষী পি শঙ্কর বলেন, তিনি মোদির কাজে অভিভূত। আর তাই দেশের উন্নয়নে খুশি হয়ে তিনি এমন মোদি মন্দির নির্মাণ করেছেন। এই মন্দিরে প্রতিদিন আরতি হয় বলেও দাবি করেছেন ৫০ বছরের পি শঙ্কর।
তিনি বলেন, তিনি প্রতিদিন এই মন্দিরে আরতি করেন। তিরুচিরাপল্লী থেকে ৬৩ কিলোমিটার দূরের এই গ্রামে শঙ্কর এই মোদি মন্দিরের সূচনা করেন গত সপ্তাহে। মূলত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে প্রবল সুবিধা পেয়ে শঙ্কর এমন মন্দির নির্মাণ করেছেন বলে জানিয়েছেন।
এই মোদি মন্দির নির্মাণে খরচ হয়েছে ১ এক লাখ ২০ হাজার রুপি। পুরোদিন এখানে মোদির মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালানো থাকে বলেও জানিয়েছেন পি শঙ্কর।
এ/পি




