
শীতের দাপটে কাঁপছে দিল্লি। ভারতীয় আবহাওয়া অফিস বলছে, ১১৮ বছর পর আবার হাড় কাঁপানো ঠাণ্ডার কবলে পড়লো দিল্লি। তবে শুধু শীতই নয়, এবার ধেয়ে আসছে শিলাবৃষ্টি। এমনটাই সতর্ক করে দিয়েছে আবহাওযা অফিস।
মূলত ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে শীতের কামড়। কনকনে উত্তরে হাওয়া। সঙ্গে ঘন কুয়াশা। বেলা ১০টার আগে যেন চোখ মেলতেই পারছিল না দিল্লি। এবার সেই ঠাণ্ডাই ভেঙে দিল যাবতীয় রেকর্ড।
শনিবার সফদরজংয়ে তাপমাত্রা নেমে যায় ২.৪ ডিগ্রি সেলসিয়াসে। পালাম, আয়ানগরে তাপমাত্রা নেমে যায় ৩.১ ও ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে সর্বনিম্ন তাপমাত্রা ছিল লোধি রোডে। সেখানে তাপমাত্রা নেমে যায় ১.৭ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ১৯৩০ সালের ২৭ ডিসেম্বর দিল্লির তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। দিল্লিতে এখন পর্যন্ত সেটিই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
এদিকে শুধু সড়কপথেই না। এই ঠাণ্ডার প্রভাব পড়েছে রেল ও আকাশপথেও। বেশ কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেয়া হয়েছে। দেরিতে ওঠানামা করেছে কয়েকটি আন্তর্জাতিক বিমানও। কমবেশি ২৪টি ট্রেন দেরি করেছে।
অন্যদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এ কারণে রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এতে তীব্র শীত থেকে বাঁচতে নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে।
উল্লেখ্য, দিল্লি ছাড়াও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশেও হাড় কাঁপানো শীত পড়েছে। এছাড়া মানালি, সুন্দরনগরসহ কয়েকটি স্থানে তাপমাত্রা নেমেছে শূন্যের নিচে।
এ




