
ঘন কুয়াশার কারণে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নয়ডায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মর্মান্তিক ওই দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন- মহেশ (৩৫), কিষাণলাল (৫০), নীরেশ (১৭), রাম খিলাড়ি (৭৫), মাল্লু (১২), নেত্রপল (৪০)।
খবরে বলা হয়েছে, একটি মারুতি এটিগ্রা গাড়িতে মোট ১১ জন ছিলেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে ডাংকুরা এলাকায় পৌঁছনোর সময় গাড়িটি খেরলি খালে পড়ে যায়। এরপর সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা চলছে।
ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম হয়ে গেছে। সেই কারণেই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই গাড়িটির সঙ্গে আরেকটি গাড়ি ছিল। সবাই সম্ভল জেলা থেকে দিল্লি যাচ্ছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভারতের উত্তরপ্রদেশ, দিল্লিসহ উত্তরাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে প্রচণ্ড শীত পড়েছে। শীতের কারণে কেবল উত্তরপ্রদেশেই এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে।
এ




