ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় শিপিং হাব-খ্যাত কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) দেশটির সিসিটিভিসহ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লাইবেরিয়ার পতাকাবাহী ‘ওশান মেলোডি’ নামের ১৯০ মিটার দীর্ঘ ওই বাল্ক ক্যারিয়ার জাহাজটিতে আগুন লাগার সময় মোট ৪২ জন আরোহী ছিলেন। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল আহত ৫ জনসহ ১৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। বেলা দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শানডং প্রদেশের কিংদাওয়ে অবস্থিত বেইহাই শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডে মেরামতের জন্য ভেড়ানো অবস্থায় সকাল ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটিতে অগ্নিকাণ্ডের সূচনা হয়। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঝুঁকি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার ওপর জোর দিয়েছেন তিনি।

ঘটনাস্থলের কাছাকাছি এলাকার এক প্রত্যক্ষদর্শী জানান, জাহাজটি থেকে হঠাৎ ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেলেও কোনো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক সামুদ্রিক কেন্দ্র হিসেবে পরিচিত এই কিংদাও বন্দর। চীনে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বিধিমালার ঘাটতির কারণে বেশ কয়েকটি বড় শিল্প দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে গত মে মাসে একটি বাজি কারখানায় বিস্ফোরণে ৩৭ জন এবং জুলাইয়ে একটি জুতার কারখানায় ২৮ জনের মৃত্যু হয়েছিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। 
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম কত?
আকাশে উড়বে গাড়ি, যাতায়াত করবে এক জায়গা থেকে অন্য জায়গায়-বিজ্ঞানের কল্পকাহিনির মতো মনে হলেও বাস্তবের পথে এগোচ্ছে এই প্রযুক্তি। চীনে আগামী বছরের দ্বিতীয়ার্ধে সীমিত পরিসরে যাত্রী বহনে ব্যবহারের জন্য উড়ন্ত গাড়ি চালুর পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপেং।  সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুই আসনের এ উড়ন্ত যানের দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ বছর ধরে গবেষণা ও উন্নয়নের পর উড়ন্ত যানটি সীমিত ব্যবহারের জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে এটি গ্রামীণ এলাকায় বিনোদনমূলক কাজে এবং দুর্গম স্থানে জরুরি সেবার প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলি ঝাও। যানটির ককপিটের আকার প্রায় ফিয়াট ৫০০ গাড়ির সমান। এতে ড্রোনের মতো ছয়টি ব্যাটারিচালিত প্রপেলার রয়েছে, যার সাহায্যে এটি আকাশে উড়তে পারে। সাধারণ জয়স্টিকের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি নির্দিষ্ট গন্তব্য প্রোগ্রাম করে দিলে স্বয়ংক্রিয়ভাবেও উড়তে সক্ষম যানটি। উড়ন্ত যানটির সঙ্গে থাকছে ছয় চাকার একটি ভ্যান, যার আকার ফোর্ড ট্রানজিটের মতো। ভ্যানটির পেছনের অংশ থেকে উড়ন্ত যানটি বের করে ব্যবহার করা যাবে। অর্থাৎ এটি একটি মডুলার পরিবহনব্যবস্থা, যেখানে স্থলযান ও আকাশযান একসঙ্গে কাজ করবে। ডেলি ঝাওয়ের দাবি, প্রশিক্ষণপ্রাপ্ত একজন পাইলট মাত্র পাঁচ মিনিটে অন্য কাউকে যানটি চালানোর প্রাথমিক প্রশিক্ষণ দিতে পারবেন। তবে এটি প্রচলিত অর্থে গাড়ি নয়; এতে চাকা নেই। বরং হেলিকপ্টারের মতো উড়তে সক্ষম ড্রোনজাতীয় যান হিসেবে একে বর্ণনা করা যায়। বর্তমানে যানটির একবার চার্জে উড়ার সক্ষমতা প্রায় ৩০ কিলোমিটার। তবে ব্যাটারির শক্তি ঘনত্ব বাড়িয়ে এই দূরত্ব দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এটি ভূমি থেকে সর্বোচ্চ প্রায় এক কিলোমিটার উচ্চতায় উড়তে পারবে। তবে আপাতত সবার জন্য উন্মুক্ত হচ্ছে না এই প্রযুক্তি। চীনে অনুমোদিত নির্দিষ্ট পার্ক এলাকায় এবং দুর্গম স্থানে পৌঁছানোর প্রয়োজন হলে জরুরি সেবায় এটি ব্যবহার করা যাবে। ফলে শুরুতে ব্যক্তিগত যাতায়াতের সাধারণ বাহন হিসেবে এর ব্যবহার সীমিত থাকবে। চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও উড়ন্ত গাড়ি নিয়ে প্রতিযোগিতা চলছে। সম্প্রতি ইলন মাস্ক তাঁর উড়ন্ত টেসলার একটি প্রদর্শনী করেছেন। তবে এক্সপেংয়ের প্রধান নির্বাহী ডেলি ঝাওয়ের মতে, টেসলার প্রদর্শিত যানটি মূলত লাফানো বা ভেসে ওঠার মতো কৌশল দেখিয়েছে, প্রকৃত অর্থে উড়ন্ত যান নয়। চীনের সরকার ড্রোন ও উড়ন্ত গাড়িসহ নিম্ন-উচ্চতার আকাশভিত্তিক পরিবহনব্যবস্থাকে ‘লো-অলটিটিউড ইকোনমি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনায় প্রথমে আকাশপথে পণ্য পরিবহন, পরে যাত্রী পরিবহন এবং গ্রামীণ এলাকা থেকে ধীরে ধীরে শহরাঞ্চলে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। ডেলি ঝাও জানান, চীনে বর্তমানে প্রায় ২০টি প্রতিষ্ঠান উড়ন্ত যান নিয়ে কাজ করছে। তাঁর প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে চুক্তি করেছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ইউরোপের বাজারেও প্রবেশের লক্ষ্য রয়েছে তাদের। বিশ্বের পরিবহনব্যবস্থাকে দ্বিমাত্রিক পথ থেকে ত্রিমাত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন এক্সপেংয়ের প্রধান নির্বাহী। তবে উচ্চমূল্য, সীমিত উড্ডয়ন সক্ষমতা, নিরাপত্তা ও নিয়ন্ত্রক অনুমোদনের মতো বিষয়গুলো উড়ন্ত গাড়ির ব্যাপক ব্যবহার কতটা দ্রুত সম্ভব হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর
আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম কত?
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
আরও পড়ুন
শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত
আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম কত?
চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম