ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পিএইচপির ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার আতঙ্ক, এআইয়ের সাহায্যে হামলা ঠেকাবে জাপান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পিএম
সফটওয়্যার পিএইচপির নিরাপত্তাত্রুটি ঘিরে বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিঘ্ন; সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় এআই ব্যবহারে উদ্যোগ জাপানের।  ছবি: কাল্পনিক

ইন্টারনেটের গুরুত্বপূর্ণ সফটওয়্যার পিএইচপির নিরাপত্তাত্রুটিকে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই ত্রুটির সুযোগ নিয়ে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা চালানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সাইবার হামলার অনুকরণ করে প্রযুক্তিব্যবস্থার দুর্বলতা শনাক্ত করার জন্য বিশেষ দল গঠনের ঘোষণা দিয়েছে জাপান।

শুক্রবার (২৩ অক্টোবর) জাপান সরকার জানায়, বিভিন্ন প্রযুক্তিব্যবস্থায় কোথায় নিরাপত্তার ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করতে এই দল কাজ করবে। এর মাধ্যমে সম্ভাব্য হামলার আগেই দুর্বলতা শনাক্ত করে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পিএইচপির গুরুত্বপূর্ণ নিরাপত্তাত্রুটির তথ্য প্রকাশের পর চলতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। ঝুঁকি মোকাবিলায় অনেক প্রতিষ্ঠান তাদের অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

নিরাপত্তাঝুঁকির কারণে জাপানের তৃতীয় বৃহত্তম মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সফটব্যাংক শুক্রবার তাদের গ্রাহকদের জরুরি সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

রক্ষণাবেক্ষণের মাধ্যমে পিএইচপির নিরাপত্তাত্রুটি মোকাবিলার সময় গ্রাহকেরা ভূমিকম্পের আগাম সতর্কবার্তা, সুনামির সতর্কতা এবং দুর্যোগ ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা পাবেন না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে সফটব্যাংকের ৩ কোটির বেশি মুঠোফোন গ্রাহক অন্য সেবার মাধ্যমে ভূমিকম্পের সতর্কবার্তা পেতে পারবেন। এর মধ্যে প্রতিষ্ঠানটির সহযোগী ব্যবসা ইয়াহুর একটি মুঠোফোন অ্যাপও রয়েছে।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এর মধ্যে টাইফুন চাম্পি জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছিল।

পিএইচপির নিরাপত্তাত্রুটির কারণে জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

এর মধ্যে রয়েছে নমুরা ব্রোকারেজ প্রতিষ্ঠান, মিতসুবিশি ইউএফজে আর্থিক গোষ্ঠী, বিমান সংস্থা এএনএ এবং পূর্ব জাপান রেলওয়ে। জাপানের অর্থ মন্ত্রণালয়, জাতীয় কর সংস্থা ও আবহাওয়া সংস্থাও তাদের কিছু অনলাইন সেবা বন্ধ রেখেছিল।

শুক্রবার (২৩ অক্টোবর) পূর্ব জাপান রেলওয়ে জানিয়েছে, তাদের কয়েকটি সেবা আবার চালু হয়েছে। অন্য সেবাগুলো নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পর চালু করা হবে। অন্যদিকে নিপ্পন পেইন্ট সতর্কতামূলকভাবে নিরাপত্তা সংশোধনী প্রয়োগের পর তাদের ওয়েবসাইট আবার চালু করেছে।

জাপানের বাইরে ইউরোপের হেলসিঙ্কিসহ বিভিন্ন অঞ্চলেও ব্যাংকিং, বিমান, রেল, কর ও সরকারি সেবার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনা ঘটেছে।

জাপানের শিল্পমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া বলেছেন, একটি নিরাপত্তার ফাঁক দিয়েই সাইবার হামলা সফল হতে পারে। তাই শুধু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে বসে থাকলে চলবে না; আক্রমণকারীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করে আগেভাগেই দুর্বলতা শনাক্ত করতে হবে।

তিনি বলেন, নিরাপত্তা রক্ষাকারীদেরও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে হবে, যাতে তারা আক্রমণকারীদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে পারেন।

তবে টোকিওভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসঅ্যান্ডজে করপোরেশনের প্রেসিডেন্ট নোবুও মিওয়া সরকারের পদক্ষেপকে ধীর বলে সমালোচনা করেছেন। তার মতে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অন্যদিকে ট্রেন্ড মাইক্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা ইভা চেন বলেছেন, জাপানের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিস্তারিত নথি সাইবার অপরাধীদের কাছে আকর্ষণীয় লক্ষ্য হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভাষাগত বাধা কমে যাওয়ায় এসব নথি লক্ষ্য করে হামলা চালানোও সহজ হচ্ছে। তার মতে, জাপান দীর্ঘদিন ধরে নিজেদের বিদ্যমান প্রযুক্তিব্যবস্থাকে যথেষ্ট নিরাপদ মনে করে এসেছে।

এদিকে, পিএইচপি একটি বহুল ব্যবহৃত কম্পিউটার প্রোগ্রামিং ভাষা, যা ইন্টারনেটের বহু ওয়েবসাইট ও অনলাইন সেবা পরিচালনায় ব্যবহৃত হয়। এই ভাষার সফটওয়্যারে বছরের পর বছর ধরে থাকা নিরাপত্তাত্রুটিগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শনাক্ত করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) পিএইচপির উন্নয়নকারীরা ত্রুটিগুলো সংশোধনের জন্য নতুন হালনাগাদ সংস্করণ প্রকাশ করেন। একই সঙ্গে ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার হালনাগাদ করার আহ্বান জানান।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপরাধীরা এখন দ্রুত সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করতে, প্রতারণামূলক বার্তা তৈরি করতে এবং হামলার বিভিন্ন ধাপ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারছে। এতে সাইবার অপরাধ আরও দ্রুত, কম ব্যয়বহুল ও শনাক্ত করা কঠিন হয়ে উঠছে।

বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অনলাইন সেবা ব্যাহত হওয়ার এই ঘটনা ইন্টারনেটের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সফটওয়্যার হালনাগাদ এবং প্রযুক্তিব্যবস্থার দুর্বলতা আগেভাগে শনাক্ত করার গুরুত্ব আবারও সামনে এনেছে।


সূত্র: রয়টার্স


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। 
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম কত?
আকাশে উড়বে গাড়ি, যাতায়াত করবে এক জায়গা থেকে অন্য জায়গায়-বিজ্ঞানের কল্পকাহিনির মতো মনে হলেও বাস্তবের পথে এগোচ্ছে এই প্রযুক্তি। চীনে আগামী বছরের দ্বিতীয়ার্ধে সীমিত পরিসরে যাত্রী বহনে ব্যবহারের জন্য উড়ন্ত গাড়ি চালুর পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপেং।  সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুই আসনের এ উড়ন্ত যানের দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ বছর ধরে গবেষণা ও উন্নয়নের পর উড়ন্ত যানটি সীমিত ব্যবহারের জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে এটি গ্রামীণ এলাকায় বিনোদনমূলক কাজে এবং দুর্গম স্থানে জরুরি সেবার প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলি ঝাও। যানটির ককপিটের আকার প্রায় ফিয়াট ৫০০ গাড়ির সমান। এতে ড্রোনের মতো ছয়টি ব্যাটারিচালিত প্রপেলার রয়েছে, যার সাহায্যে এটি আকাশে উড়তে পারে। সাধারণ জয়স্টিকের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি নির্দিষ্ট গন্তব্য প্রোগ্রাম করে দিলে স্বয়ংক্রিয়ভাবেও উড়তে সক্ষম যানটি। উড়ন্ত যানটির সঙ্গে থাকছে ছয় চাকার একটি ভ্যান, যার আকার ফোর্ড ট্রানজিটের মতো। ভ্যানটির পেছনের অংশ থেকে উড়ন্ত যানটি বের করে ব্যবহার করা যাবে। অর্থাৎ এটি একটি মডুলার পরিবহনব্যবস্থা, যেখানে স্থলযান ও আকাশযান একসঙ্গে কাজ করবে। ডেলি ঝাওয়ের দাবি, প্রশিক্ষণপ্রাপ্ত একজন পাইলট মাত্র পাঁচ মিনিটে অন্য কাউকে যানটি চালানোর প্রাথমিক প্রশিক্ষণ দিতে পারবেন। তবে এটি প্রচলিত অর্থে গাড়ি নয়; এতে চাকা নেই। বরং হেলিকপ্টারের মতো উড়তে সক্ষম ড্রোনজাতীয় যান হিসেবে একে বর্ণনা করা যায়। বর্তমানে যানটির একবার চার্জে উড়ার সক্ষমতা প্রায় ৩০ কিলোমিটার। তবে ব্যাটারির শক্তি ঘনত্ব বাড়িয়ে এই দূরত্ব দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এটি ভূমি থেকে সর্বোচ্চ প্রায় এক কিলোমিটার উচ্চতায় উড়তে পারবে। তবে আপাতত সবার জন্য উন্মুক্ত হচ্ছে না এই প্রযুক্তি। চীনে অনুমোদিত নির্দিষ্ট পার্ক এলাকায় এবং দুর্গম স্থানে পৌঁছানোর প্রয়োজন হলে জরুরি সেবায় এটি ব্যবহার করা যাবে। ফলে শুরুতে ব্যক্তিগত যাতায়াতের সাধারণ বাহন হিসেবে এর ব্যবহার সীমিত থাকবে। চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও উড়ন্ত গাড়ি নিয়ে প্রতিযোগিতা চলছে। সম্প্রতি ইলন মাস্ক তাঁর উড়ন্ত টেসলার একটি প্রদর্শনী করেছেন। তবে এক্সপেংয়ের প্রধান নির্বাহী ডেলি ঝাওয়ের মতে, টেসলার প্রদর্শিত যানটি মূলত লাফানো বা ভেসে ওঠার মতো কৌশল দেখিয়েছে, প্রকৃত অর্থে উড়ন্ত যান নয়। চীনের সরকার ড্রোন ও উড়ন্ত গাড়িসহ নিম্ন-উচ্চতার আকাশভিত্তিক পরিবহনব্যবস্থাকে ‘লো-অলটিটিউড ইকোনমি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনায় প্রথমে আকাশপথে পণ্য পরিবহন, পরে যাত্রী পরিবহন এবং গ্রামীণ এলাকা থেকে ধীরে ধীরে শহরাঞ্চলে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। ডেলি ঝাও জানান, চীনে বর্তমানে প্রায় ২০টি প্রতিষ্ঠান উড়ন্ত যান নিয়ে কাজ করছে। তাঁর প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে চুক্তি করেছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ইউরোপের বাজারেও প্রবেশের লক্ষ্য রয়েছে তাদের। বিশ্বের পরিবহনব্যবস্থাকে দ্বিমাত্রিক পথ থেকে ত্রিমাত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন এক্সপেংয়ের প্রধান নির্বাহী। তবে উচ্চমূল্য, সীমিত উড্ডয়ন সক্ষমতা, নিরাপত্তা ও নিয়ন্ত্রক অনুমোদনের মতো বিষয়গুলো উড়ন্ত গাড়ির ব্যাপক ব্যবহার কতটা দ্রুত সম্ভব হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর
আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম কত?
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
আরও পড়ুন
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
এবার জাপান-আমিরাত থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী