
অনলাইনে মোবাইল কিনতে গিয়ে মাটির ডেলা পেলেন বিজয় দেবনাথ নামে এক ব্যক্তি। অনলাইনে ৫০ শতাংশ ছাড়ে মোবাইল কেনার সুযোগ হাত ছাড়া করতে চাইননি দেবনাথ। সেজন্য দ্রুতই ৩ হাজার ৩শ’ টাকায় মোবাইল অর্ডার করেন। তবে পার্সেল করে বাড়িতে পাঠানো হল মাটির ডেলা।
প্রতারণার শিকার হলেন ভারতের জলপাইগুড়ির যুবক। জলপাইগুড়ি সদর ব্লকের কুকুরজান এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ। স্থানীয় একটি চা বাগানে শ্রমিকের কাজ করেন তিনি। দিন কয়েক আগে একটি অচেনা নম্বর থেকে একটি ফোন পান বিজয়। তার দাবি, ওই মোবাইল নম্বরটি দিল্লির। যিনি ফোন করেছিলেন, তিনি ৫০ শতাংশ ছাড়ে মোবাইল বিক্রির কথা বলেছিলেন।
শর্ত একটাই, মোবাইল কিনতে হবে অনলাইনে। সেই মতো ৩ হাজার ৩০০ টাকা দিয়ে মোবাইল বুক করেন বিজয়। এদিন সকালে পার্সেল আসে জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে। বাড়ি থেকে দূরত্ব অনেকটাই। খবর পেয়ে পোস্ট অফিসে চলে যান বিজয়। পার্সেলটি খোলার পর হতবাক হয়ে যান। কোথায় মোবাইল? পার্সেলে রয়েছে মাটির ডেলা।
ভারতের ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসের এক কর্মকর্তা বলেন, টাকা ফিরিয়ে দেওয়ার নিয়ম নেই। তবে লিখিত অভিযোগ জমা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।সূত্র: জি২৪ঘণ্টা
এফএ




