
গভীর রাতে পুড়ে ছাই হয়ে গেল বসতবাড়ি। আর ঘুমের মধ্যেই সেই বাড়িতে পুড়ে মারা গেলেন একই পরিবারের চার সদস্য।
রোববার (২১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে হাওড়া জেলার জয়পুর থানার সাউড়িয়া সিং পাড়ায়। নিহতদের নাম অর্চনা দোলুই (৩৮), শম্পা দোলুই (১৪), দুর্যোধন দোলুই (৭৫) এবং দুধকুমার দোলুই (৪২) বলে জানা গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) টেলিগ্রাফ ইন্ডিয়া ও দ্য প্রিন্টের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত রোববার আনুমানিক রাত প্রায় ১টার দিকে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন দোলুই পরিবার সদস্যরা। হঠাৎ করে ঘরের মধ্যে আগুন লেগে যায়। ঘরের ভেতরে রাখা জিনিসপত্রেও আগুন লেগে যায়। সে সময় ওই চারজন বাড়ির ভেতর থেকে বেড়িয়ে আসার সুযোগ পাননি। যে বাড়িতে আগুন লেগেছিল সেই বাড়িটি মাটির এবং অ্যাসবেস্টাসের ছাউনী ছিল।
অগ্নিকাণ্ডের সময় ঘুমন্ত ওই চারজনের ওপর ভেঙে পড়ে অ্যাসবেস্টাসের ছাউনী। ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং চারজনই আগুনের ঝলসে যায়।
আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় স্থানীয় জয়পুর থানা এবং দমকল বাহিনীকেও। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ ও দমকলের সহযোগিতায় উদ্ধার করা হয় চারজনকে। সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত বলে ঘোষণা করেন।
জয়পুর থানার পুলিশ জানিয়েছে, তদন্তকারীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে, দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়ার জন্য পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
আরটিভি/এসএইচএম




