
ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশটির চিকিৎসা পর্যটন খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের আস্থা ফেরাতে ও চিকিৎসা খাত সামলে নিতে এবার সরাসরি বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতার প্রথম সারির হাসপাতালগুলো। এসব প্রতিনিধিদল রোগী ও তাদের পরিবারের সঙ্গে দেখা করবে এবং হোটেল বুকিংয়ের বিষয়ে তাদের দিকনির্দেশনা দেবে। পাশাপাশি, প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা অনুমোদন রয়েছে—এমন আবাসনেই যেন রোগীরা ওঠেন, তা নিশ্চিত করতেও সহায়তা করবে।
কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন থেকে সম্প্রতি জারি করা একটি ভ্রমণ পরামর্শের (অ্যাডভাইজরি) পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই পরামর্শে বাংলাদেশি পর্যটক ও রোগীদের ভারতে যাওয়ার আগেই প্রয়োজনীয় আইনগত অনুমোদন থাকা নিরাপদ হোটেলে কক্ষ বুক করার আহ্বান জানানো হয়। তবে ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের অভিযানে কম খরচের অনেক হোটেল বন্ধ হয়ে যায়। ফলে স্বল্প বাজেটে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা আবাসনের সংকটে পড়েছেন। যাচাই-বাছাই ছাড়া ঝুঁকিপূর্ণ হোটেলে ওঠা বন্ধ করতেই হাসপাতালগুলো এখন অগ্রিম ব্যবস্থার ওপর জোর দিচ্ছে।
রোগীদের ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি কমাতে হাসপাতালগুলো নিজেদের উদ্যোগে থাকার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। আলিপুরভিত্তিক উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের ভ্রমণের আগেই আশপাশের নিবন্ধিত নিরাপদ হোটেলের তালিকা দিচ্ছে। হাসপাতালটির প্রধান নির্বাহী রূপক বড়ুয়া জানান, উপহাইকমিশনের নির্দেশনা মেনে রোগীরা যাতে আগে থেকেই নির্ভরযোগ্য থাকার জায়গা নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে তাদের সার্বিক সহায়তা করা হচ্ছে।
অন্য দিকে বিপি পোদ্দার হাসপাতাল বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর পাশাপাশি হাসপাতালের কাছেই বাংলাদেশি রোগীদের জন্য নিজস্ব নিরাপত্তাবেষ্টিত আবাসন ব্যবস্থা গড়ার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি রুবি জেনারেল হাসপাতাল বিশেষ সহায়তা কেন্দ্র চালু করেছে এবং দেশুন হাসপাতালও রোগী ও তাদের স্বজনদের জন্য আগাম আবাসনের সুযোগ দিচ্ছে।
সাধারণত বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে যাওয়া ব্যক্তিদের কয়েক দিন হোটেলে থাকতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, তাদের এই যৌথ পদক্ষেপ ও আগাম আবাসন সুবিধার ফলে চিকিৎসাপ্রার্থীদের ভয় কেটে যাবে এবং কলকাতার চিকিৎসা পর্যটন খাত দ্রুত স্বাভাবিক ধারায় ফিরবে।
আরটিভি/এআর


