
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতা হস্তান্তরের পথে পেন্টাগণসহ সরকারের বিভিন্ন ক্ষেত্রে থাকা ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা বাধা সৃষ্টি করছেন। সদ্য নির্বাচিত বাইডেন হুঁশিয়ার দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের এমন সহিংস আচরণের জন্য হুমকির মুখে পড়ছে আমেরিকার নিরাপত্তা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র নীতি বিষয়ক টিমের সাথে এক বৈঠকের পর এসব কথা বলেন জো বাইডেন।
তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব থেকে বাধার সম্মুখীন হচ্ছি আমরা। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় থেকে এ বাধা আসছে।
তিনি আরও বলেন, ক্ষমতা হস্তান্তর বিষয়ক টিমের কাছে বিদায়ী প্রশাসনের কোনো প্রকার তথ্য সরবরাহ না করা খুবই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এই মুহূর্তে আমরা প্রয়োজনীয় সকল তথ্য পাচ্ছি না এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য অনেক জরুরী। আমার দৃষ্টিতে এটি কেবলই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়া ছাড়া অন্য কিছুই নয়।
জো বাইডেন বলেন, বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা সেনাদের বিষয়ে একটি স্পষ্ট চিত্র চান তিনি। বাজেট পরিকল্পনার বিষয়ে পরিপূর্ণ ধারণা থাকা প্রয়োজন বলেও মনে করছেন বাইডেন।
এছাড়া ট্রাম্প প্রশাসন দেশটির বিভিন্ন সংস্থার বিভিন্ন রকম ক্ষতি করেছেন বলেও মন্তব্য করেন।
এসএল/এফএ




