ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ওহাইওতে ৩৪ বছর পর ধর্ষক শনাক্ত, তবু মামলা করা গেল না

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১০:১১ এএম
ভুক্তভোগী ডানা বিট্টি ও ১৯৮৯ সালের ঘটনাস্থল ।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ধর্ষণের ৩৪ বছর পর অপরাধীকে শনাক্ত করেও তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারেনি পুলিশ। কারণ, ঘটনার সময় ওই অপরাধের জন্য নির্ধারিত আইনি সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল।

ভুক্তভোগী ডানা বিট্টি ১৯৮৯ সালের ১ আগস্ট ভয়াবহ ধর্ষণের শিকার হন। মুখোশ পরা এক ব্যক্তি তার গলায় ছুরি ধরে মুখ টেপ দিয়ে আটকে দেন। এরপর তাকে বিছানার সঙ্গে বেঁধে কয়েক ঘণ্টা ধরে যৌন নির্যাতন করা হয়।

ঘটনার পরপরই বিট্টি পুলিশকে বিষয়টি জানান। তদন্তকারীরা বছরের পর বছর অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে তদন্তে স্থানীয় এক পুলিশ কর্মকর্তাকেও সন্দেহ করা হয়েছিল। তবে তার পক্ষে শক্ত আলিবি (অপরাধের সময় অন্যত্র থাকার প্রমাণ) থাকায় তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

দীর্ঘ ৩৪ বছর পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধীর পরিচয় শনাক্ত হয়। তদন্তকারীরা জিনগত বংশপরিচয় অনুসন্ধানের মাধ্যমে জানতে পারেন, ডিএনএটি চিকিৎসক ফ্রেডেরিক ট্যানজারের। ১৯৮৯ সালে তিনি ছিলেন বিট্টির সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীর স্বামী। অর্থাৎ বিট্টি তাকে চিনতেন।

তদন্তকারীরা ট্যানজারকে গ্রেপ্তারের প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু পরে জজের কার্যালয় থেকে জানানো হয়, ধর্ষণের মামলা করার আইনি সময়সীমা শেষ হয়ে গেছে।

ঘটনার সময়, অর্থাৎ ১৯৮৯ সালে ওহাইওতে ধর্ষণের মামলার সময়সীমা ছিল মাত্র ছয় বছর। ১৯৯৯ সালে তা বাড়িয়ে ২০ বছর করা হয়। পরে ২০১৫ সালে তা ২৫ বছর করা হয় এবং ডিএনএ প্রমাণ পাওয়া গেলে আরও পাঁচ বছর বাড়ানোর সুযোগ রাখা হয়।

তদন্তকারীরা প্রথমে ভেবেছিলেন, বিট্টির পোশাক থেকে পাওয়া জৈবিক নমুনার কারণে ডিএনএ-ভিত্তিক অতিরিক্ত পাঁচ বছরের সুযোগ কাজে লাগানো যাবে। কিন্তু পরে আইন পর্যালোচনা করে দেখা যায়, মূল ছয় বছরের সময়সীমা আগেই শেষ হয়ে যাওয়ায় ওই অতিরিক্ত সময় আর কার্যকর হবে না।

সিনসিনাটি পুলিশের গোয়েন্দা জেফ স্মলউডের ভাষ্য, জজের কার্যালয় তাদের জানায়, আইন ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল এবং এই মামলায় ধর্ষণের অভিযোগে ট্যানজারকে বিচারের মুখোমুখি করা সম্ভব নয়।

তবে তদন্তকারীরা সেখানেই থামেননি। তারা কেন্দ্রীয় কর্তৃপক্ষের সহায়তা চান। ট্যানজার ফেলে দেওয়া একটি কফির কাপ সংগ্রহ করে সেটি পরীক্ষা করা হয়। এতে পাওয়া ডিএনএ বিট্টির পোশাকে পাওয়া ডিএনএর সঙ্গে মিলে যায়।

তদন্তকারীরা ট্যানজারের বিরুদ্ধে অন্য কোনো অপরাধে মামলা করা যায় কি না, সেটিও খতিয়ে দেখেন। তার সাবেক স্ত্রীর ওপর মাদক প্রয়োগ এবং তার সম্মতি ছাড়া যৌন সম্পর্কের অভিযোগও সামনে আসে। কিন্তু ওই ঘটনাগুলোর ক্ষেত্রেও সে সময়ের ওহাইও আইনের একটি বিধান বাধা হয়ে দাঁড়ায়। তখন স্বামী-স্ত্রীর মধ্যে ধর্ষণের অভিযোগে মামলা করার ক্ষেত্রে বিশেষ ছাড় ছিল।

ওহাইও ২০২৪ সালে স্বামী-স্ত্রীর মধ্যে ধর্ষণের অভিযোগে ওই আইনি ছাড় বাতিল করে।

শেষ পর্যন্ত ট্যানজারকে ধর্ষণের অভিযোগে নয়, কেন্দ্রীয় কর্মকর্তার কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তারের পরিকল্পনা করা হয়। তদন্তকারীরা তাকে সন্দেহভাজন হিসেবে নয়, সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেন।

তাকে বলা হয়, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিট্টিকে ধর্ষণের অভিযোগের তদন্ত চলছে। ট্যানজারকে জিজ্ঞেস করা হয়, তিনি এ ঘটনা সম্পর্কে কিছু জানেন কি না।

জিজ্ঞাসাবাদে ট্যানজার দাবি করেন, ১৯৮৯ সালের ১ আগস্ট তিনি বিট্টির সঙ্গে কথা বলেননি, তার বাসায় যাননি এবং তার সঙ্গে যৌন সম্পর্কও করেননি। পরে তদন্তকারীরা তার বক্তব্যকে মিথ্যা বলে প্রমাণ করেন।

২০২৪ সালের ১১ ডিসেম্বর ট্যানজারকে কেন্দ্রীয় কর্মকর্তার কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তিনি দোষ স্বীকার করেন। চলতি বছর তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পরবর্তী এক সাক্ষাৎকারে ট্যানজার বিট্টিকে ধর্ষণের কথা স্বীকার করেন। তবে কেন তিনি এমন করেছিলেন, তা নিয়ে তিনি বলেন, তিনি এখনো এর কারণ বোঝার চেষ্টা করছেন।

ডানা বিট্টির ঘটনা যুক্তরাষ্ট্রে ধর্ষণসহ গুরুতর যৌন অপরাধের ক্ষেত্রে আইনি সময়সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। দেশটির ৩০টির বেশি অঙ্গরাজ্যে সবচেয়ে গুরুতর যৌন নিপীড়নের অভিযোগের ক্ষেত্রে এখনো কোনো না কোনো সময়সীমা রয়েছে।

অঙ্গরাজ্যভেদে এই সময়সীমায় বড় পার্থক্য রয়েছে। কোথাও ১০ বছর বা তার কম সময়ের মধ্যে মামলা করতে হয়, আবার কোথাও নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো সময়সীমা নেই।

আইন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের অনেকে গুরুতর যৌন অপরাধের ক্ষেত্রে এই সময়সীমা তুলে দেওয়ার পক্ষে। তাদের মতে, ডিএনএ প্রমাণের মতো আধুনিক প্রযুক্তি বহু বছর পরও অপরাধী শনাক্ত করতে সহায়তা করতে পারে।

তবে কেউ কেউ মনে করেন, আইনি সময়সীমা পুরোপুরি তুলে দিলে তদন্ত ও মামলা দ্রুত করার জন্য কর্তৃপক্ষের ওপর চাপ কমে যেতে পারে। দক্ষিণ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক নাথান রাউস বলেন, যৌন নিপীড়নের মামলায় তদন্ত ও বিচার ঐতিহাসিকভাবে ধীরগতির বা দীর্ঘসূত্রতার শিকার হয়েছে। তবে সময়সীমা পুরোপুরি বাতিল করাও দ্রুত মামলা নিশ্চিত করার উপায় নয়।

ধর্ষণের শিকার ডানা বিট্টির কাছে এই আইনি সময়সীমা শুধু একটি হিসাবের বিষয় নয়। তার মতে, অপরাধীকে শাস্তির আওতায় আনা সম্ভব হলে সেটি তার জন্য স্বস্তির কারণ হতো।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে দুটি মাথাবিশিষ্ট বিরল এক কচ্ছপছানার সন্ধান পাওয়া গেছে। ‘ডায়মন্ডব্যাক টেরাপিন’ প্রজাতির এই কচ্ছপটির জন্মগত শারীরিক অস্বাভাবিকতা বন্য প্রাণী বিশেষজ্ঞদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। বর্তমানে কচ্ছপছানাটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বন্য প্রাণী সেবাকেন্দ্রের কর্মীরা।
দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা
জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে নিজ বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে জিপসি রোজ ব্ল্যানচার্ডের সঙ্গী কেন উরকারকে।
জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য
অ্যামাজনের গ্রাহকদের মিলতে পারে ২০০ ডলার পর্যন্ত ফেরত
অ্যামাজনের প্রাইম সেবার কিছু গ্রাহককে এবার সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হবে।
অ্যামাজনের গ্রাহকদের মিলতে পারে ২০০ ডলার পর্যন্ত ফেরত
অর্থসমন্বয়-মাইলেজ মিলিয়ে বিমানের টিকিট কেনার সুযোগ
বিমানের টিকিট কিনতে এবার অর্থসমন্বয় (mix cash) ও মাইলেজ (airline miles) একসঙ্গে ব্যবহারের সুযোগ দিচ্ছে আমেরিকান এয়ারলাইনস।
অর্থসমন্বয়-মাইলেজ মিলিয়ে বিমানের টিকিট কেনার সুযোগ
এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন রহস্য, সামনে আসছে ফরেনসিক বিশ্লেষণ
কুখ্যাত যৌন নির্যাতনকারী জেফরি এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা ছিল কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন রহস্য, সামনে আসছে ফরেনসিক বিশ্লেষণ
আরও পড়ুন
দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ
জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য
অ্যামাজনের গ্রাহকদের মিলতে পারে ২০০ ডলার পর্যন্ত ফেরত