ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১১:২০ এএম
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলেকে নজরদারির অভিযোগে গ্রেপ্তার ওয়ানইং হিদার ঝাংকে লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলেকে যুক্তরাষ্ট্রে নজরদারির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক নারীকে সোমবার (৫ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। ওই নারীকে চীনা সরকারের নিবন্ধনহীন এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার হওয়া নারী ওয়ানইং হিদার ঝাং। তার বয়স ৩৪ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একজন আবাসন ব্যবসায়ী। রোববার (৪ অক্টোবর) লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সাংহাই যাওয়ার একটি বিমানে ওঠার আগে তাকে আটক করা হয়।

সোমবার (৫ অক্টোবর) আদালতে ঝাং শান্ত ছিলেন। সাদা পোশাক, পায়জামা ও সাদা জুতা পরা অবস্থায় তাকে আদালতে আনা হয়। তার হাত ও পায়ে হাতকড়া ছিল।

আদালতে তিনি শুধু নিজের নাম নিশ্চিত করেন এবং চীনা সরকারের নিবন্ধনহীন এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগটি বুঝতে পেরেছেন বলে জানান। শুনানিতে তার পক্ষে সরকারি আইনজীবী ছিলেন চ্যাড পেনিংটন।

বিচারক স্টিভ কিম ঝাংয়ের জামিন ও হেফাজতসংক্রান্ত শুনানি বুধবার (৭ অক্টোবর) পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। ব্যক্তিগত আইনজীবী নিয়োগের জন্য তাকে আরও সময় দেওয়া হয়েছে। বুধবারের (৭ অক্টোবর) শুনানি পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রের মার্শালদের হেফাজতে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) আদালতে দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ঝাং ও তার এক সহযোগী ২০২৫ সালের সেপ্টেম্বরে সিয়াটলে যান। সেখানে তাইওয়ানের এক শীর্ষ কর্মকর্তার পরিবারের বাড়ির ছবি তোলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, নজরদারির লক্ষ্য ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং-তে’র ছেলে লাই থিং-ইউ।

থিং-ইউ ৩০-এর কোঠার একজন প্রকৌশলী। তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন। স্ত্রী সিয়াও চেনের সঙ্গে তার একটি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তান রয়েছে। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের বহুজাতিক ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ফিলিপসে কাজ করেন বলে তাইওয়ানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এফবিআইয়ের এক কর্মকর্তার দেওয়া হলফনামায় বলা হয়েছে, তদন্তকারীরা ঝাং ও চীনা সরকারি কর্মকর্তাদের মধ্যে আদান-প্রদান হওয়া খুদে বার্তা পেয়েছেন। এসব বার্তা থেকে নজরদারির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে সিয়াটলে যাওয়ার দিন ঝাং কথিত চীনা কর্মকর্তাকে বার্তা পাঠান। সেখানে তিনি লক্ষ্য ব্যক্তিকে দেখার কথা জানান এবং তাকে ভিডিও করার কথাও লেখেন।

পাশের একটি বাড়ির নিরাপত্তা ক্যামেরার ভিডিওতেও ঝাংকে তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলে, তার স্ত্রী ও সন্তানকে বাড়িতে ফেরার সময় ভিডিও করতে দেখা গেছে বলে হলফনামায় দাবি করা হয়েছে।

ঝাংকে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পাশাপাশি রোববার ক্যালিফোর্নিয়ার আরভাইনের একটি অভিজাত এলাকায় তার বাড়িতেও তল্লাশি চালায় এফবিআই।

এলাকার এক বাসিন্দা জানান, প্রায় ১০ জন এফবিআই কর্মকর্তা বাড়িটিতে তল্লাশি চালিয়েছেন। তাদের কয়েকজন গ্যারেজের ভেতরে বসেছিলেন এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও হাতে দস্তানা ছিল বলে তিনি জানান।

সম্পত্তির নথি অনুযায়ী, ঝাং ওই বাড়িটি ভাড়া নিয়ে থাকতেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে কাছাকাছি এলাকায় তার প্রায় ৬ হাজার ৩০ বর্গফুটের ছয় শয়নকক্ষের একটি বাড়ি ছিল। গত জুনে সেটি ৬০ লাখ ডলারে বিক্রি করা হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দাবি করেছে, ২০২৫ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঝাং চীনা সরকারের নিবন্ধনহীন এজেন্ট হিসেবে কাজ করছিলেন। ওই বছরের জুনে চীন সফরের সময় তিনি বেইজিংয়ের কর্মকর্তাদের সঙ্গে কথিত নজরদারি পরিকল্পনা করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এফবিআইয়ের পাল্টা গোয়েন্দা ও গুপ্তচরবিরোধী বিভাগের সহকারী পরিচালক রোমান রোজাভস্কি বলেন, অভিযোগপত্রে যুক্তরাষ্ট্রের মাটিতে তাইওয়ানের এক কর্মকর্তার ঘনিষ্ঠ স্বজনদের লক্ষ্য করে চীনা সরকারের নির্দেশে গোপন নজরদারি চালানোর পরিকল্পনার কথা উঠে এসেছে।

তবে ঝাংয়ের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। চীনা ও তাইওয়ান সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।


সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব পেয়েছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স মাত্র ১৯ বছর। একটি হোটেলে ফটোশুটের কথা বলে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার স্বপ্ন দেখেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের কাছে গ্রিন কার্ড একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য শুধু বিয়ে বা পারিবারিক স্পনসরশিপই একমাত্র পথ নয়। চাকরি, উচ্চশিক্ষা, বিশেষ পেশাগত দক্ষতা, বিনিয়োগ, মানবিক সুরক্ষা এবং বিশেষ অভিবাসন কর্মসূচিসহ একাধিক আইনি প্রক্রিয়ায় দেশটির স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
দীর্ঘ ২৭ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত এক সার্জেন্টের স্ত্রীকে এখন তৃতীয় কোনো দেশে নির্বাসনের মুখে পড়তে হচ্ছে। টেক্সাসের এল পাসো শহরে অভিবাসন সংক্রান্ত একটি সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে তিনি আকস্মিকভাবে আটক হন।
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্ক থেকে লুইজিয়ানার নিউ অরলিন্সগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার দাবি এবং পাইলটের ককপিটে জোর করে প্রবেশের চেষ্টার অভিযোগে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 
মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার
গ্রিনকার্ডের প্রলোভনে যৌন প্রস্তাব, আইস কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইস) এক কর্মকর্তার বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানি এবং যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিনকার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাবের গুরুতর অভিযোগ উঠেছে।  একই সঙ্গে ওই নারীর স্বামীকে কারাদণ্ড দেওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। 
গ্রিনকার্ডের প্রলোভনে যৌন প্রস্তাব, আইস কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
আরও পড়ুন
কুড়িগ্রামে বিপুল মাদক উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৭
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি