ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ৪ বিলিয়ন ডলারের কারখানা গড়ছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘অডি’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম
জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডির গাড়ি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ৪০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে গাড়ি তৈরির কারখানা গড়ার পরিকল্পনা করেছে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি। নতুন কারখানায় বছরে দুই লাখ ক্রীড়াধর্মী বহুমুখী গাড়ি তৈরি করা হবে। প্রতিষ্ঠানটির দাবি, এ বিনিয়োগের ফলে প্রায় ৪ হাজার ৫০০ কর্মসংস্থান তৈরি হবে।

শনিবার (২৪ অক্টোবর) জর্জিয়ার পেরি শহরে এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন বাড়াতে এবং দেশীয় শিল্পে বিনিয়োগ টানতে দীর্ঘদিন ধরে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ওপর চাপ দিয়ে আসছেন তিনি। গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও যন্ত্রাংশ আমদানিতে শুল্কও বাড়িয়েছেন ট্রাম্প।

অডির প্রধান নির্বাহী কর্মকর্তা গেরনট ডয়েলনার বলেন, প্রতিষ্ঠানটি তাদের বড় ও উন্নত মানের ক্রীড়াধর্মী বহুমুখী গাড়িগুলো যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ম্যাকন এলাকায় তৈরি করার পরিকল্পনা করছে। মার্কিন বাজারের প্রতি আস্থা থেকেই দীর্ঘমেয়াদি এ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অডি জানিয়েছে, আগামী বছর কারখানাটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। উৎপাদন শুরু হতে পারে ২০৩০-এর দশকের শুরুর দিকে। সেখানে অডি কিউ৭, কিউ৮ ও কিউ৯ মডেলের গাড়ি তৈরি হতে পারে বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ?

যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন বাড়াতে আমদানি শুল্ককে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছেন ট্রাম্প। তার সমর্থকদের দাবি, শুল্কনীতির কারণেই অডির মতো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে কারখানা তৈরিতে আগ্রহী হচ্ছে। তবে সমালোচকদের মতে, এসব শুল্কের কারণে গাড়ির দাম বেড়েছে এবং বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় কিছু বিনিয়োগ পিছিয়েছে।

গত বছর ট্রাম্পের শুল্কনীতির কারণে অডির প্রায় ১২০ কোটি ইউরো, অর্থাৎ প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হওয়া অডির সব গাড়িই বর্তমানে ইউরোপ অথবা মেক্সিকো থেকে আমদানি করা হয়।

ওহাইওর রিপাবলিকান সিনেটর বার্নি মোরেনো শনিবার (২৪ অক্টোবর) বলেন, এ বিনিয়োগের ফলে অডির সব ক্রীড়াধর্মী বহুমুখী গাড়ি যুক্তরাষ্ট্রেই তৈরি হবে। তার দাবি, শুল্ক, নিয়ন্ত্রণব্যবস্থায় পরিবর্তন এবং ক্যালিফোর্নিয়ার জ্বালানি সাশ্রয়সংক্রান্ত মান নির্ধারণের ক্ষমতা সীমিত করার উদ্যোগ ছাড়া এ কারখানা নির্মাণ সম্ভব হতো না।

বিক্রি কমছে অডির

বিনিয়োগের ঘোষণা এল এমন সময়ে, যখন অডির বিক্রি কমছে। টানা দুই বছর বিক্রি কমার পর ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির বিক্রি আরও ৭ শতাংশ কমেছে। চীনের বাজারে তীব্র প্রতিযোগিতা ও যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে চাহিদা কমেছে। চলতি বছরে যুক্তরাষ্ট্রে অডির বিক্রি কমেছে ১৬ শতাংশ।

এদিকে, জর্জিয়ার পাশের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও বছরে ২৫ হাজার গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে অডির। ওই গাড়িগুলোর কিছু ইউরোপে তৈরি হয় এবং নতুন ব্যবস্থায় সেগুলোর কিছু যুক্তরাষ্ট্রে উৎপাদন করে রপ্তানি করা হতে পারে। এ কাজে ভক্সওয়াগেনের অধীনে থাকা স্কাউট মোটরসের জন্য নির্মাণাধীন দুই বিলিয়ন ডলারের কারখানা ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে অন্য গাড়ি নির্মাতারাও

যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও। গত জুলাইয়ে জাপানের টয়োটা টেক্সাসের সান আন্তোনিওতে তাদের গাড়ি তৈরির কেন্দ্রে ৩৬০ কোটি ডলার বিনিয়োগ করে ট্রাক তৈরির নতুন লাইন নির্মাণের ঘোষণা দেয়। ২০৩০ সালের মধ্যে সম্প্রসারণকাজ শেষ করে প্রায় দুই হাজার কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

জাপানের হোন্ডাও যুক্তরাষ্ট্রে গাড়ি তৈরির কারখানা নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বাণিজ্য চুক্তির মেয়াদ বাড়ানো না হলে বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়ার হুন্দাইও গত বছর বলেছিল, ওই চুক্তি নিয়ে নিশ্চিত পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্রে ২০০০ কোটি ডলারের বেশি নতুন বিনিয়োগের পথ খুলে যাবে।

এদিকে, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত অডির নেকারজুলম কারখানাসহ ভক্সওয়াগেনের চারটি জার্মান কারখানা ২০৩০ সালের পর বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জর্জিয়ায় অডির নতুন কারখানা নির্মাণের ঘোষণা তাই যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশটির শুল্কনীতি ও আন্তর্জাতিক গাড়িশিল্পে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

সূত্র: সিএনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত দল মাই কেমিক্যাল রোমান্স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ডালাস কাউবয়েসের চিয়ারলিডারদের মালিক প্রতিষ্ঠান।
পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা
মাইকেল বি জর্ডানের সিনেমার শুটিংয়ের পাশে ছুরিসহ যুবক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে হলিউড অভিনেতা মাইকেল বি জর্ডান ও অস্টিন বাটলার অভিনীত ‘মায়ামি ভাইস ’৮৫’ সিনেমার শুটিংস্থলের কাছে ছুরি প্রদর্শনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মাইকেল বি জর্ডানের সিনেমার শুটিংয়ের পাশে ছুরিসহ যুবক গ্রেপ্তার
চীনা গুপ্তচর সন্দেহভাজন ঝাংয়ের লস অ্যাঞ্জেলেসের আদালতে অভিযোগ অস্বীকার
যুক্তরাষ্ট্রে চীনের অনিবন্ধিত প্রতিনিধি হিসেবে কাজ করা এবং তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন চীনা গুপ্তচর সন্দেহভাজন ওয়ানইং ঝাং। 
চীনা গুপ্তচর সন্দেহভাজন ঝাংয়ের লস অ্যাঞ্জেলেসের আদালতে অভিযোগ অস্বীকার
অনলাইনে নির্যাতনে কিশোরীর মৃত্যু, জার্মানিতে গ্রেপ্তার তরুণ
অনলাইনে মানসিক নির্যাতন ও আত্মক্ষতিতে প্ররোচনা দিয়ে যুক্তরাষ্ট্রের ১৪ বছর বয়সী এক কিশোরীকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার অভিযোগে জার্মানিতে ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
অনলাইনে নির্যাতনে কিশোরীর মৃত্যু, জার্মানিতে গ্রেপ্তার তরুণ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, ঘরছাড়া শত শত পরিবার
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, ঘরছাড়া শত শত পরিবার
আরও পড়ুন
পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা
মাইকেল বি জর্ডানের সিনেমার শুটিংয়ের পাশে ছুরিসহ যুবক গ্রেপ্তার
অনলাইনে নির্যাতনে কিশোরীর মৃত্যু, জার্মানিতে গ্রেপ্তার তরুণ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, ঘরছাড়া শত শত পরিবার