ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

টেডি রুজভেল্টের জন্মদিন: প্রবেশমূল্য ছাড়াই যাওয়া যেসব যাবে পার্কে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম
ছবি : সংগৃহীত

সাবেক প্রেসিডেন্ট থিওডোর ‘টেডি’ রুজভেল্টের জন্মদিন উপলক্ষে আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় উদ্যানগুলোতে প্রবেশমূল্য ছাড়াই ঘুরে দেখার সুযোগ পাবেন মার্কিন নাগরিক ও দেশটির বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যান পরিষেবা এ ছাড়ের উদ্যোগ নিয়েছে। যেসব উদ্যানে সাধারণত প্রবেশমূল্য নেওয়া হয়, সেসব স্থানে নির্ধারিত প্রবেশ ফি মওকুফ থাকবে।

২০২৬ সালের নিয়ম অনুযায়ী, বিদেশি পর্যটকদের জন্য এ ছাড় প্রযোজ্য নয়। এ ছাড়া ক্যাম্পিং, আগাম প্রবেশ সংরক্ষণ এবং বিশেষ কার্যক্রমের মতো কিছু সেবার জন্য আলাদা ফি দিতে হতে পারে।

জাতীয় উদ্যান পরিষেবার তথ্য অনুযায়ী, ২০২৬ সালে নির্দিষ্ট কয়েকটি দিনে প্রবেশমূল্য মওকুফের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্টস ডে, মেমোরিয়াল ডে, ফ্ল্যাগ ডে, স্বাধীনতা দিবসের ছুটির সময়, জাতীয় উদ্যান পরিষেবার প্রতিষ্ঠাবার্ষিকী, সংবিধান দিবস, টেডি রুজভেল্টের জন্মদিন এবং ভেটেরান্স ডে। এসব দিনে সাধারণ প্রবেশ ফি মওকুফ হলেও পার্কভেদে আগাম বুকিং, গাড়ি পার্কিং, ক্যাম্পিং কিংবা বিশেষ ভ্রমণ কার্যক্রমের জন্য অর্থ দিতে হতে পারে। তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট উদ্যানের ওয়েবসাইটে নিয়ম ও প্রবেশের শর্ত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

থিওডোর রুজভেল্ট ১৯০১ সালে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির হত্যাকাণ্ডের পর ২৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ১৯০১ থেকে ১৯০৯ সাল পর্যন্ত তার শাসনামলে প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। জাতীয় উদ্যান পরিষেবার তথ্য অনুযায়ী, তার উদ্যোগে যুক্তরাষ্ট্রের বন পরিষেবা গঠিত হয় এবং ১৫০টি জাতীয় বন প্রতিষ্ঠা করা হয়। এ ছাড়া তিনি পাঁচটি জাতীয় উদ্যান, ১৮টি জাতীয় স্মৃতিস্তম্ভ, ৫১টি ফেডারেল পাখি সংরক্ষণ এলাকা এবং চারটি জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। এ কারণেই তাকে ‘সংরক্ষণবাদী প্রেসিডেন্ট’ নামে অভিহিত করা হয়।

রুজভেল্টের উদ্যোগে প্রতিষ্ঠিত বা সম্প্রসারিত সংরক্ষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ওরেগনের ক্রেটার লেক ন্যাশনাল পার্ক, সাউথ ডাকোটার উইন্ড কেভ ন্যাশনাল পার্ক এবং কলোরাডোর মেসা ভার্দে ন্যাশনাল পার্ক। তিনি ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের সীমানাও সম্প্রসারণ করেন। তার সময়ে গ্র্যান্ড ক্যানিয়ন, অ্যারিজোনার পেট্রিফায়েড ফরেস্ট, ক্যালিফোর্নিয়ার মুইর উডস এবং ওয়াইওমিংয়ের ডেভিলস টাওয়ারের মতো এলাকাও সংরক্ষিত স্থানের মর্যাদা পায়। এসব উদ্যোগ যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৯১৬ সালে প্রেসিডেন্ট উড্রো উইলসন জাতীয় উদ্যান পরিষেবা প্রতিষ্ঠা করেন। তবে তার আগেই দেশজুড়ে এমন বহু সংরক্ষিত এলাকা তৈরি হয়েছিল, যেগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব পরে এই সংস্থার ওপর পড়ে। জাতীয় উদ্যান পরিষেবার তথ্য অনুযায়ী, রুজভেল্ট নিজেই পরবর্তী সময়ে সংস্থাটির ব্যবস্থাপনায় আসা ২৩টি স্থানের প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। তার জন্মদিনে প্রবেশমূল্য মওকুফের উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে তার অবদান স্মরণ করা হয়।

চলতি বছরের পরবর্তী এবং শেষ প্রবেশমূল্য মওকুফের দিন ১১ নভেম্বর, ভেটেরান্স ডে। ওই দিনও নির্ধারিত নিয়ম অনুযায়ী মার্কিন নাগরিক ও বাসিন্দারা প্রবেশমূল্য ছাড়াই ফি-নির্ধারিত জাতীয় উদ্যানগুলোতে যেতে পারবেন। ভ্রমণের পরিকল্পনা করার সময় সংশ্লিষ্ট উদ্যানের প্রবেশের শর্ত, সম্ভাব্য ভিড় এবং অতিরিক্ত ফি সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া ভালো।

সূত্র: যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যান পরিষেবা (NPS), যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভ

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর চাকরিপ্রত্যাশীদের জন্য একটি বিশেষ তথ্যভিত্তিক সেশনের ঘোষণা দেওয়া হয়েছে।
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন
নিউইয়র্কে পার্টটাইম চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের বাড়তি সুবিধা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলা জানা প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতনে পার্টটাইম চাকরির সুযোগ দিয়েছে প্রশাসন। সম্প্রতি নিউইয়র্কের পাবলিক লাইব্রেরিতে ঘণ্টায় ২২ ডলার বেতনে খণ্ডকালীন টিউটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনকারীদের জন্য বাংলা ভাষায় দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নিউইয়র্কে পার্টটাইম চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের বাড়তি সুবিধা
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
দূরপাল্লার যাত্রায় উড়োজাহাজ আর স্বল্প দূরত্বে গাড়ি এটাই এত দিন ছিল যাতায়াতের প্রচলিত চিত্র। তবে এবার মাঝারি দূরত্বের যাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করতে যাচ্ছে হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ। রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গা থেকে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম এমনই একটি উড়োজাহাজ তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইলেকট্রা। ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির তৈরি উড়োজাহাজটির নাম ‘ইএল৯ আল্ট্রা শর্ট’। এর বিশেষত্ব হলো, প্রচলিত বিমানের মতো দীর্ঘ রানওয়ের প্রয়োজন হবে না। হেলিপ্যাড, খোলা মাঠ কিংবা শপিং মলের পার্কিংয়ের মতো মাত্র ১৫০ ফুট সমতল জায়গা থেকেই এটি ওঠানামা করতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে উড়োজাহাজটির প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাবনার নানা দিক। ইলেকট্রার তৈরি এই উড়োজাহাজে রয়েছে একটি গ্যাস টারবাইন ও আটটি বৈদ্যুতিক মোটর। এতে একসঙ্গে ৯ জন যাত্রী অথবা ৩ হাজার পাউন্ড মালামাল পরিবহন করা সম্ভব। একবার উড্ডয়নের পর এটি টানা ৩৮০ মাইল পর্যন্ত উড়তে পারে। উড়োজাহাজটির বিশেষ প্রযুক্তি হলো, আকাশে ওড়ার সময়ই এর ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হয়। প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত উড়োজাহাজের তুলনায় এটি ৪০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করবে। অন্যদিকে হেলিকপ্টারের তুলনায় পরিচালন ব্যয় কমবে প্রায় ৭০ শতাংশ। শব্দদূষণও হবে তুলনামূলক কম। ডানায় বসানো আটটি পাখার সাহায্যে ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতে এটি উড্ডয়ন ও অবতরণ করতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচ-ছয়তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছানোর সক্ষমতাও রয়েছে এর। উড়োজাহাজটি বাণিজ্যিকভাবে চালু হলে মাঝারি দূরত্বের যাতায়াতে বড় পরিবর্তন আসতে পারে। যাত্রীদের আর বড় বিমানবন্দরে যেতে হবে না কিংবা দীর্ঘ যানজটে সময় নষ্ট করতে হবে না। ছোট পরিসরের অবকাঠামো ব্যবহার করেই যাত্রী ওঠানামা করানো সম্ভব হবে। গত বছরের অক্টোবরে নিউইয়র্কে পানির ওপর ভাসমান ৩০০ ফুট দীর্ঘ একটি বার্জে উড়োজাহাজটির ছোট সংস্করণ সফলভাবে ওঠানামার পরীক্ষা চালায় প্রতিষ্ঠানটি। ইলেকট্রার দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসির একটি শপিং মলের পার্কিং এলাকা থেকে নিউইয়র্কে যেতে উড়োজাহাজটিতে সময় লাগতে পারে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট। একই পথে গাড়ি কিংবা প্রচলিত ফ্লাইটে যাতায়াতের তুলনায় সময় উল্লেখযোগ্যভাবে কম লাগবে। ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি এয়ারলাইন প্রতিষ্ঠান উড়োজাহাজটির ২ হাজার ২০০টির বেশি ইউনিটের আগাম অর্ডার দিয়েছে বলে দাবি করেছে ইলেকট্রা। এসব অর্ডারের সম্ভাব্য মূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার। ২০২৭ সালের শেষ দিকে নরওয়েতে এর চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ সাল নাগাদ সাধারণ যাত্রীদের জন্য এটি চালু হতে পারে। শুধু বেসামরিক পরিবহন নয়, সামরিক ক্ষেত্রেও উড়োজাহাজটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এটি কেনার জন্য চুক্তি করেছে। দুর্গম এলাকায় রসদ পরিবহনের পাশাপাশি মাটিতে অবস্থান করেও এটি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। প্রতিষ্ঠানটির দাবি, জেনারেটর হিসেবে ব্যবহার করলে একটি উড়োজাহাজ দিয়ে ১৫টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে প্রযুক্তির এই সম্ভাবনার সঙ্গে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগের বিষয়টিও। প্রতিটি উড়োজাহাজের সম্ভাব্য দাম প্রায় ১ কোটি ডলার। ফলে আপাতত ব্যক্তিগত ব্যবহারের চেয়ে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক পরিবহনেই এর ব্যবহার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: সিএনএন আরটিভি/এসকে
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে সৃষ্ট বড় ধরনের বিপর্যয় তৃতীয় দিনেও কাটেনি। রোববার (১৫ নভেম্বর) দেশটিতে ৮ হাজার ৮০০টির বেশি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। একই দিনে বাতিল করা হয়েছে ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক মাসের হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
আরও পড়ুন
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন
নিউইয়র্কে পার্টটাইম চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের বাড়তি সুবিধা
যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা