
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অস্বাভাবিক গরমের কারণে অর্ধম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ২৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
রোববার (৮ নভেম্বর) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধিত দৌড়বিদের সংখ্যা ছিল ৭ হাজার ৫০০। প্রতিযোগিতা চলাকালে অসুস্থ হয়ে পড়া ২৬ জনকে অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া আরও চারজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, সকাল ৮টা ৪১ মিনিটে প্রথম এক দৌড়বিদের মধ্যে তাপজনিত ক্লান্তির লক্ষণ দেখা দেয়। হাসপাতালে নেওয়া ২৬ জনের মধ্যে সোমবার সকাল পর্যন্ত তিনজন চিকিৎসাধীন ছিলেন।
ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে দৌড়বিদরা অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি তদন্ত করছে স্থানীয় পুলিশও।
আয়োজক ডেভিড মনিকো জানান, অন্যান্য বছরের তুলনায় এবার প্রতিযোগিতায় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার ঘটনা বেশি ঘটেছে। এর পেছনে উষ্ণ আবহাওয়া এবং অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন তিনি।
জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতা শুরুর সময় সকাল ৭টার পর সান্তা বারবারার তাপমাত্রা ছিল ৬০ ডিগ্রি ফারেনহাইটের ঘরে। দুপুর নাগাদ তা বেড়ে ৮০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঘটনাটি প্রতিযোগিতায় অংশগ্রহণ ও গরমের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। এতে স্থানীয় জনগণের জন্য বড় ধরনের কোনো স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নেই।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


