
একসময় সমুদ্রের দ্রুততম জাহাজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘এসএস ইউনাইটেড স্টেটস’কে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবিয়ে দেওয়া হয় জাহাজটি। এখন থেকে এটি বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর হিসেবে ব্যবহৃত হবে।
ফ্লোরিডার উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ৯৯০ ফুট দীর্ঘ জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়। এটি টাইটানিকের চেয়েও ১০৮ ফুট লম্বা। জাহাজটি ডুবতে প্রায় কয়েক ঘণ্টা সময় লাগে। সমুদ্রের প্রায় ৫৫ মিটার গভীরে এর অবস্থান হবে, যেখানে ডুবুরিরাও সহজে যেতে পারবেন।
১৯৫২ সালে প্রথম সমুদ্রযাত্রা শুরু করা জাহাজটি একসময় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গতির রেকর্ড গড়েছিল। এতে ভ্রমণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, জন এফ কেনেডি, অভিনেত্রী গ্রেস কেলি ও এলিজাবেথ টেলরের মতো বিখ্যাত ব্যক্তিরা।
১৯৬৯ সালে জাহাজটি অবসরে যায়। পরে দীর্ঘদিন ফিলাডেলফিয়ার বন্দরে পড়ে ছিল। শেষ পর্যন্ত বাতিল করে ভাঙার পরিবর্তে ১ কোটি ৩৫ লাখ ডলারের প্রকল্পের আওতায় এটিকে কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।
কর্তৃপক্ষের আশা, জাহাজটিকে ঘিরে নতুন সামুদ্রিক প্রাণীর আবাসস্থল তৈরি হবে। পাশাপাশি এটি ডুবুরি ও মাছ ধরতে আগ্রহীদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।
সূত্র: এবিসি নিউজ
আরটিভি/জেএমএ


