
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবারের সদস্যদের অভিবাসন জটিলতার কারণে সরকারি বাসা ভাড়া ভাতা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন কিছু পরিবার।
জানা গেছে, দেশটির আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি) নতুন নিয়ম চূড়ান্ত করেছে। এ নিয়ম কার্যকর হলে সরকারি আবাসন সুবিধা গ্রহণকারী পরিবারের সদস্যদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে।
নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম সিটি লিমিটসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়ে, নতুন নিয়মটি ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে সরকারি আবাসন প্রকল্প এবং সেকশন এইট ভাউচার সুবিধা গ্রহণকারী মিশ্র অভিবাসন অবস্থার পরিবারগুলো প্রভাবিত হতে পারে।
মিশ্র অভিবাসন অবস্থার পরিবার বলতে বোঝায়, যে পরিবার কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক বা সরকারি আবাসন ভাতার জন্য যোগ্য অভিবাসন অবস্থায় রয়েছেন, কিন্তু পরিবারের অন্য কোনো সদস্য সেই সুবিধার জন্য যোগ্য নন। বর্তমান ব্যবস্থায় এ ধরনের পরিবার একসঙ্গে বসবাস করতে পারে। তবে পরিবারের যোগ্য সদস্যদের অনুপাতে সরকারি ভাড়ার ভাতা নির্ধারণ করা হয়। নতুন নিয়মে পরিবারের প্রত্যেক সদস্যের নাগরিকত্ব অথবা যোগ্য অভিবাসন অবস্থার প্রমাণ যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পাবে।
নিউইয়র্কের ২০১৯ সালের সরকারি হিসাব অনুযায়ী, সে সময় সরকারি আবাসন ও সেকশন এইট কর্মসূচিতে প্রায় ২ হাজার ৮০০টি মিশ্র অভিবাসন অবস্থার পরিবার ছিল। এসব পরিবারে প্রায় ১১ হাজার ৪০০ মানুষ বসবাস করতেন, যাদের মধ্যে প্রায় ৪ হাজার ৯০০ জন শিশু। সিটি লিমিটসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশজুড়ে প্রায় ২০ হাজার পরিবার নতুন নিয়মের কারণে আবাসন ভাতা হারানোর ঝুঁকিতে রয়েছে। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে এ ধরনের পরিবার রয়েছে।
নতুন নিয়মের প্রভাব শুধু অনিয়মিত অভিবাসন অবস্থায় থাকা ব্যক্তিদের ওপরই পড়বে, এমন নয়। বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও কিছু অভিবাসন শ্রেণির মানুষ সরকারি আবাসন ভাতার জন্য যোগ্য নাও হতে পারেন। আবাসন ও অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোর আশঙ্কা, নতুন নিয়মের কারণে কিছু পরিবারকে আবাসন সুবিধা ধরে রাখতে পরিবারের সদস্যদের আলাদা থাকার সিদ্ধান্ত নিতে হতে পারে। এতে শিশুদের জীবন, পড়াশোনা এবং পারিবারিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নতুন নিয়মের বিরোধিতা করেছেন। শহর প্রশাসন বাসিন্দাদের আবাসন সুবিধা রক্ষায় সম্ভাব্য আইনি ও প্রশাসনিক পদক্ষেপ পর্যালোচনা করছে। আবাসন আইনজীবীদের মতে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে বাসিন্দাদের আতঙ্কিত হয়ে বাসা ছেড়ে দেওয়া উচিত নয়। প্রত্যেক পরিবারের অভিবাসন অবস্থা, আবাসন কর্মসূচি এবং যোগ্যতা আলাদাভাবে বিবেচনা করা হবে।
নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সরকারি আবাসন, সেকশন এইট ভাউচার অথবা ভর্তুকিযুক্ত বাসাভাড়ার সুবিধা নিচ্ছেন, তাদের নিজেদের কাগজপত্র যাচাই করা এবং প্রয়োজনে অভিবাসন ও আবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।
আরটিভি/টিআর




