
ব্যাংকিং খাতে চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলের সুখবর দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) পরিচালক মাকসুদা বেগম স্বাক্ষরিত এক সার্কুলার লেটারে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যেসব ব্যাংক চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব ব্যাংককে ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, দেশজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে চাকরির বয়স দুই দফা ছাড় দেয় সরকার। এরপরও চাকরিপ্রার্থীরা ৩০ বছরের পরিবর্তে আবেদনের বয়স ৩৫ করার দাবি জানিয়ে আসছেন।




