
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। রাজধানীর বনানী থানায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাটি দায়ের হয়েছিল।
আজ সোমবার (২৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর পরবর্তী বিচার কাজের জন্য মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মোট ১৮ জনকে সাক্ষী রাখা হয়েছে।
গত ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রাজের বিরুদ্ধে বনানী থানার মাদকের মামলায় দুইদিন এবং পর্নোগ্রাফি আইনের মামলায় চারদিন রিমান্ডের আদেশ দেন।
গত ৬ আগস্ট বনানী থানার পর্নোগ্রাফি আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত। এর আগে ৫ আগস্ট রাতে রাজধানীর বনানী থানায় র্যাব বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছিল।
কেএফ/টিআই




