
আদালতের আদেশ প্রতিপালন করে মাস্টার রোলে নিয়োগ পাওয়া চালকদের স্থায়ী নিয়োগ না দেওয়ায় জনপ্রশাসন সচিবসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মাস্টার রোলে নিয়োগ পাওয়া ৪৬৬ চালকের নিয়োগ কার্যক্রম ২ মাসের জন্য স্থগিত করেছেন আদালত।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজিম, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমান ও পরিচালক (সড়ক) মোহাম্মদ মাহবুব শাহীনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে রবিবার (৭ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।
১৯ চালকের আবেদনের শুনানি নিয়ে রোববার (৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা। আদালতে আবেদনটি করেন পিরোজপুরের জিয়ানগরের মো. সবুজ আলম, মঠবাড়িয়ার মো.খোকনসহ মোট ১৯ জন গাড়িচালক।
আইনজীবী আব্দুর সাত্তার পালোয়ান বলেন, এসব চালককে মাস্টার রোলে নিয়োগ দেওয়া হয়। পরে ২১ জন চালক ২০১২ সালে স্থায়ী নিয়োগের জন্য রিট করেন। ওই রিটে জারি করা রুল শুনানি শেষে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তাদের নিয়োগে রায় দেন হাইকোর্ট। আইন অনুসারে শূন্যপদের বিপরীতে ৩০ দিনের মধ্যে এ নিয়োগ দিতে বলা হয়।
পরে সরকার আপিল বিভাগে আবেদন করলে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগ আবেদন খারিজ করে দেন। পরে তারা রিভিউ করেন। সেটিও ২০১৯ সালের ৬ জানুয়ারি খারিজ করে দেন আপিল বিভাগ।
এর মধ্যে ২ জন চালক মারা যান। চলতি বছরের ৭ জানুয়ারি অধিদপ্তর চালক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করে। ১৫তম গ্রেডে ২৮০ জন ও ১৬তম গ্রেডে ১৮৬ জনের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়। কিন্তু এতদিনেও মাস্টাররোলের চালকদের রায় বাস্তবায়ন না হওয়ায় ১৯ চালক আদালত অবমাননার আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারির আদেশ দিলো বলে জানান আব্দুস সাত্তার পালোয়ান।
সাত্তার পালোয়ান জানান, আদেশে মাস্টার রোলে নিয়োগ পাওয়া চালকদের স্থায়ী নিয়োগ দিতে আদেশ পালন না করায় জনপ্রশাসন সচিবসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।
কেএফ




