
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় রিটকারী আইনজীবীর উদ্দেশ্য হাইকোর্ট বলেছেন, শুধু রিট করলেই হবে! স্পটে যান (ঘটনাস্থলে), আর্তনাদ শুনুন। দগ্ধদের যেখানে চিকিৎসা হচ্ছে ওইসব হাসপাতালে যান, খোঁজ-খবর নিন। এরপরে এসে রিট করুন।
সোমবার (২৭ ডিসেম্বর) এ-সংক্রান্ত একটি রিট শুনানির জন্য উপস্থাপিত হলে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।
এর আগে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে এবং বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রোববার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদনটি করেন।
রিটে অগ্নিকাণ্ডে নিহতদের ৫০ লাখ এবং দগ্ধ হয়ে আহতদের ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি করা হয়েছে। সেইসঙ্গে রিটে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাদের অবহেলা ছিল কি না, তা খুঁজে বের করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ওই দুর্ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিওটিএর চেয়ারম্যান এবং লঞ্চের মালিক হামজালাল শেখকে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুনের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরএ/টিআই




