
চলন্ত ট্রাকে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় চালক মেহেদী হাছান ও হেলপার সোহানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফতাবুজ্জামান এর আদালতে গ্রেফতারকৃতদের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গেলো মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে গাজীপুর চৌরাস্তা এলাকায় আসে। রাত ৮টায় মালবাহী ট্রাকের চালক মেহেদী হাছান ও হেলপার সোহান কিশোরীকে জোরপূর্বক ট্রাকে তুলে নেয়। চলন্ত পথে চালক ও হেলপার পালাক্রমে তাকে ৬ বার ধর্ষণ করে।
পরে বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলের এসিআই পানিরকল এলাকায় রাস্তার পাশে থেমে থাকা ট্রাক থেকে এক কিশোরীর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।বুধবার রাতেই ধর্ষিতা কিশোরী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পরপরেই বুধবার রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে চালক মেহেদী হাছানকে এবং বৃহস্পতিবার সকালে সাভার থেকে হেলপার সোহান ওরফে তুহিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মেহেদী হাসান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দেওতা গ্রামের নবী হোসেনের ছেলে। হেলপার সোহান ওরফে তুহিন রাজশাহী জেলার পুটিয়া থানার পশ্চিম কানাইপাড়া গ্রামের তমাজিৎ এর ছেলে।
কোর্ট ইনিস্পেক্ট্রর সোহেল রানা আরটিভি অনলাইনকে ২ ধর্ষকের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি/সি




