
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যার ঘটনায় আটক হওয়া বাবু ও খায়েরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভূইয়ার আদালতে বাবু ও খায়েরের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে সদরঘাট থানা পুলিশ। আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দিন আহমেদ।
মঙ্গলবার রাতে এই দুইজনকে মহানগরীর লালখান বাজারের বাঘঘোনা এলাকা থেকে আটক করা হয়।
এদিকে গত ১৩ অক্টোবর রাতে মোক্তার নামে একজনকে মহানগরীর বড়পোল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মোক্তার এরইমধ্যে আদালতে তার স্বীকারোক্তি দিয়েছেন।
গেলো ৬ অক্টোবর মহানগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে সুদীপ্ত বিশ্বাসকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।
নিহতের পরিবার জানায়, এদিন সকাল ৮টার দিকে সুদীপ্তকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কে/জেএইচ




