
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার খোঁজখবর এবং আইনি পরামর্শ নিতে বগুড়ায় এসেছিলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
সোমবার দুপুরে তিনি আদালতের পাশে অবস্থিত গহর আলী ভবনের দ্বিতীয় তলায় সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হেলালুর রহমানের চেম্বারে যান।
সেখানে ক'জন সিনিয়র আইনজীবীর সঙ্গে মামলা সম্পর্কে আইনি পরামর্শ নেন।
বগুড়া বার সমিতির সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম মন্টু আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আমার চেম্বারে এসেছিলেন। তবে ওই সময় আমি আদালতে ছিলাম। পরে সাবেক পিপি হেলালুর রহমানের চেম্বারে তার সঙ্গে মামলার বিষয়ে কথাবার্তা হয়।
সেখানে তিনি আধা ঘণ্টার মত সময় কাটান। এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অপর আসামি হলেন-ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।
এসজে




