
প্রায় ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে গাজী ফেব্রিক্স ও গাজী করপোরেশনের মালিক গাজী মাহমুদ কামালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সহকারী মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
দুদকের অনুসন্ধানে গাজী মাহমুদের বিরুদ্ধে ৭ কোটি ৬৬ লাখ ২ হাজার ৮৮৯ টাকার সম্পদের তথ্য গোপন ও ১৭ কোটি ৪ লাখ ৬০ হাজার ৬৬২ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে।
প্রণব কুমার ভট্টাচার্য এক বিবৃতিতে আরটিভি অনলাইনকে জানান, মামলায় আসামির বিরুদ্ধে ৭ কোটি ৬৬ লাখ ২ হাজার ৮৮৯ টাকার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুদক। ২০১৪ সালের ২ নভেম্বর গাজী মাহমুদ কামাল দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৩ কোটি ৮৯ লাখ ৮ হাজার ৩১৬ টাকার সম্পদের ঘোষণা দিয়েছেন। অথচ দুদকে অনুসন্ধানে তার ৪১ কোটি ৫৫ লাখ ১১ হাজার ২০৫ টাকার সম্পদের তথ্য মিলেছে।
অর্থাৎ তিনি মোট ৭ কোটি ৬৬ লাখ ২ হাজার ৮৮৯ টাকার তথ্য গোপন করেছেন। অন্যদিকে দুদকের অনুসন্ধানে আরো ১৭ কোটি ৪ লাখ ৬০ হাজার ৬৬২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা গেছে, গাজী মাহমুদ কামালের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। তিনি গুলশানের শাহজাদপুরে থাকেন।
এসআর




