
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) বিচারক এই নির্দেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী সোলাইমান তুষার নিশ্চিত করেছেন।
মামলাটি দায়ের করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান। এই মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে একমাত্র আসামি করা হয়েছে।
এজাহার অনুযায়ী, চলতি বছরের ৪ নভেম্বর বা অজ্ঞাত কোনো তারিখে আবুল সরকার মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলির মেলামঞ্চে দেওয়া বক্তব্য বা গান এবং পরে অনলাইনে প্রকাশিত ভিডিওতে মহান আল্লাহতায়ালা ও পবিত্র গ্রন্থ কোরআনের সুরা আন-নাস সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবমাননাকর মন্তব্য করেন।
বাদী অভিযোগ করেন, আসামির বক্তব্য ও আচরণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করেছে, উত্তেজনা সৃষ্টি করেছে এবং জনমনে ক্ষোভ সঞ্চার করেছে। তার বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়ায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫ এবং ২৯৫ (ক) ধারায় করা হয়েছে, যা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য।
আরটিভি/এএইচ




