
টাঙ্গাইলের মির্জাপুরে যৌতুকের দাবিতে স্ত্রী ও ১৮ মাসের শিশুসন্তানকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিব (২৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া মামলার অপর একটি ধারায় রাকিবকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত জানিয়েছেন, দুটি সাজা একই সঙ্গে কার্যকর হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আ. ন. ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রাকিব মির্জাপুর উপজেলার তেলিনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমারাও খান দিপুর বরাত দিয়ে জানা গেছে, বিয়ের পর থেকেই স্ত্রী কনা আক্তার ইতির (২১) কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন রাকিব। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে কনা ১৮ মাস বয়সী ছেলে মোহাম্মদকে নিয়ে বাবার বাড়ি মির্জাপুরের আজগানা গ্রামে চলে যান। পরে ২০২৫ সালের ২২ ডিসেম্বর বিকেলে রাকিব শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী ও শিশুসন্তানের শরীরে বার্নিশ ও তারপিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে কনার মুখমণ্ডল, বুক, পিঠ ও হাত এবং শিশুটির কপাল ও পা মারাত্মকভাবে দগ্ধ হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
রায়ে আদালত আরও নির্দেশ দেন, জরিমানার অর্থ ভুক্তভোগী স্ত্রী ও তার সন্তানকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।
আরটিভি/এমএইচজে




