
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামিকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার এ তথ্য জানান।
আইনজীবী মেহেদী হাসান বলেন, মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত আসামি রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামির জামিনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। এই আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগির কারামুক্ত হবেন বলে আশা এই আইনজীবীর।
তিনি আরও বলেন, মামলায় প্রথমে যে মোটরসাইকেলটি আটক করা হয়েছিল, সেটি আসামি রাকিব হোসেনের। তবে প্রকৃতপক্ষে ছিনতাইয়ের সময় ওই মোটরসাইকেলটি ব্যবহার করা হয়নি; বরং ঘটনার সময় সেটি গ্যারেজে ছিল এবং সিসিটিভি ফুটেজেও এর সত্যতা রয়েছে। পরবর্তীতে পুলিশ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত আসল মোটরসাইকেলটি উদ্ধার করে। শুধুমাত্র হয়রানি করার জন্য এই আসামিকে এ মামলায় জড়ানো হয়েছিল।
জামিন আবেদনে উল্লেখ করা হয়, আসামি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তার নয় এবং তার কাছ থেকে কোনো চোরাই মালও উদ্ধার করা হয়নি। শুধুমাত্র ‘মিডিয়া ট্রায়ালের’ কারণে তাকে এ মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন আইনজীবী।
এর আগে, গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা (৫৬)। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে হাসপাতালে নিলে ওই শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় তার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
আরটিভি/এসএইচএম




