ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে প্রথম দফায় গত ২৭ অক্টোবর মিন্টুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দিনের রিমান্ড শেষে গত ৩০ অক্টোবর সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আরও বলেন, প্রথম দফার রিমান্ডে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শুক্রবার ভোর ৩টার দিকে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫) নামের দুজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা কয়েকজন ব্যক্তি শাকিলের ওপর হামলা চালান। এ সময় তাকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যান হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম থানায় মামলা করেন।

হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শাকিলের মৃত্যু হয়। ওই রাত ১০টার দিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এমপি আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। ইতোমধ্যে মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

শাকিলের জানাজার পর হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আমেরিকা প্রবাসী রাসেলের শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরের দিন বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি আব্দুল আজিজের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। এসব ঘটনায় নাটোর জেলা বিএনপির নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা নিয়ে জেলা বিএনপিতে আলোচনা শুরু হয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা বিএনপি দীর্ঘ আট ঘণ্টা আলোচনা সভা করে। সভায় শাকিল হত্যা মামলায় তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং এমপির ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা হয়।

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘সব ঘটনা নিয়ে সভায় আলোচনা হয়েছে। আব্দুল আজিজ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্য। দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা জেলা কমিটির নেই। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের কেন্দ্রীয় পর্যায়ের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে কেন্দ্রে চিঠি পাঠানোর কথা থাকলেও দুপক্ষের টানাপোড়েনে এখনো সেই চিঠি পাঠানো সম্ভব হয়নি বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এদিকে নিহত শাকিলের গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় এলাকার বাড়িতে যান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব। তারা নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে মানবপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথক ধারায় আরও ৫ লাখ করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছে।
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
পঞ্চগড়ে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
পুলিশের ওপর হামলা ও ওসিকে হত্যার হুমকি, মা-বাবা-বন্ধুসহ কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্স
পুলিশের ওপর হামলা (অ্যাসল্ট) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হত্যার হুমকির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তার মা, বাবা, বন্ধুসহ ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার বোনের বয়স কম হওয়ায় তাকে সেফ হোমে পাঠিয়েছেন আদালত।
পুলিশের ওপর হামলা ও ওসিকে হত্যার হুমকি, মা-বাবা-বন্ধুসহ কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্স
চারদিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ 
রোববার (১ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এ রিমান্ড আদেশ দেন। 
চারদিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ 
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
রোববার (১ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ রিমান্ড আদেশ দেন।  মৃত্যুর আগে জেরিকা তাসনীম দিশা (১৯) নামে এই তরুণীর সঙ্গে উত্তরার একটি বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তাহসিফ।
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
আরও পড়ুন
নাটোরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
আজ দেশের যেসব এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার