ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাকাণ্ডে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দলীয় দায় স্বীকার করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তবে হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জামিন আবেদন শুনানির সময় তিনি এসব কথা বলেন।

লতিফ সিদ্দিকী ট্রাইব্যুনালকে বলেন, ‘শাপলা চত্বরের ঘটনার সময় আমি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলাম। তৎকালীন দলের নেতা হিসেবে আমি আমার দায় স্বীকার করছি। তবে হত্যাকাণ্ডে আমি জড়িত ছিলাম না। বার্ধক্যের কারণে আমি জামিন চাইছি।’

এ সময় আদালতে হাজির করার প্রক্রিয়া নিয়েও অভিযোগ করেন তিনি। লতিফ সিদ্দিকী বলেন, ‘আমাদের হেলমেট পরিয়ে জোর করে এখানে আনা হচ্ছে। আমাদের নির্যাতন করা হচ্ছে।’ তবে তার এসব অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল কোনো আদেশ দেননি।

ট্রাইব্যুনালে হাজির ১১ আসামি

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে দুপুর ১২টা ৫৫ মিনিটে আসামিদের হাজির করা হয়। শুনানি শুরু হয় বেলা ২টায়।

আটজন আসামিকে পেছনে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়। এর আগে হাতকড়া ছাড়া আসামিদের আদালতে হাজির করা নিয়ে সমালোচনার পর এবার এমন ব্যবস্থা নেওয়া হয়।

তবে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রূপাকে এসব নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই আদালতে হাজির করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডলকে আদালতে নেওয়ার সময় তারা কিছুটা বাধা দেন। অন্যদিকে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান মাথা নিচু করে নীরবে আদালতে প্রবেশ করেন।

এ ছাড়া আদালতে হাজির করা অন্য আসামিরা হলেন হাসানুল হক ইনু, ডা. আবদুর রাজ্জাক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।

২৩ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তার দায়িত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের পাশাপাশি নিয়মিত পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়।

আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার শুনানি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। মুলতবির আগে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। পলাতক আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। মামলাটিতে মোট ৪১ জন আসামির মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক।

৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন

গত ১২ নভেম্বর প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং বিচারপ্রক্রিয়া শুরুর আবেদন করেন। মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। এর মধ্যে ২০১৩ সালের ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার অভিযোগও রয়েছে।

পৃথক মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমান

এদিকে মানবতাবিরোধী অপরাধের আরেকটি পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদেরও হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয়।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য এবং কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
শাপলা চত্বর গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আদালতের কার্যক্রমে অসহযোগিতা, অসুস্থতার ভান এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
জামালপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫মে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু