
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ হাইকোর্টের জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মুক্তি পান তিনি।
এর আগে, হাইকোর্টে জামিনের আবেদন করেন সিফাতের আইনজীবীরা। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুর মহানগরীর গাছা এলাকার নিজ বাসা থেকে সিফাতকে আটক করে গাছা থানা পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরপর দুই দফা নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়। প্রথমে গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতেও দ্বিতীয় দফায় তার জামিন আবেদন খারিজ হয়।
দ্বিতীয় দফায় জামিন নামঞ্জুরের পর সিফাতের আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। এর ধারাবাহিকতায় বুধবার কারাগার থেকে মুক্তি পান তিনি।
সিফাতের আইনজীবীদের দাবি, তাকে গ্রেপ্তারের পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ বিল নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়টি সামনে আনা হলেও সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারে এ ধরনের বক্তব্যের কোনো উল্লেখ নেই। পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ তাদের।
সিফাত আবদুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর তাকে আটক করে পুলিশ। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।
আরটিভি/এসএইচএম




