
দেশে গবাদিপশুর মাংসের পর্যাপ্ততা থাকা সত্ত্বেও কেন বিদেশ থেকে আমদানির সিদ্ধান্ত অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গবাদিপশুর মাংসের মান ও বিশুদ্ধতা নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
আজ বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোছাব্বির হোসেনের রিটের প্রাথমিক শুনানিতে এ রুল দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. কামরুজ্জামান ও নাজমুল হুদা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।
অ্যাডভোকেট কামরুজ্জামান সাংবাদিকদের জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে গবাদিপশুর মাংসের চাহিদা ৭২ দশমিক ৯৪ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় ৭৫ দশমিক ১৪ লাখ মেট্রিক টন। এমন পরিস্থিতিতে সরকার বিদেশ থেকে মাংস আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। এ ধরনের সিদ্ধান্তে দেশের গবাদিপশুর খামারগুলো হুমকিতে পড়বে। সরকারের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি করা হয়।
এমকে




