স্কিন বা ত্বক দেহের সবচেয়ে বড় অঙ্গ যা দেহের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গকে সুরক্ষা দেওয়ার কাজ করে। স্কিনের সামান্য কাটাছেঁড়া থেকেই তাই দেহের ভেতর মারণঘাতী জীবাণু ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। স্কিন ডিজিজ বলতে ত্বক, চুল, নখ এবং আনুষঙ্গিক আরও কিছু জায়গার অসুখকে বোঝানো হয়। এই স্কিন ডিজিজের আবার অনেকগুলোই বংশগতভাবে মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে যেতে পারে। সেরকমই কিছু জেনেটিকাল ডিজিজ সম্পর্কে আরটিভির পাঠকদের জন্য জানালেন, চীফ কন্সালটেন্ট, ডা. তাসনিম তামান্না হক।
স্কিন ডিজিজ বংশগতভাবে ছড়ানো নিয়ে ডা. তাসনিম তামান্না হক বলেন, যে সব স্কিন ডিজিজ বংশগতভাবে ছড়াতে পারে সেগুলো হলো:

. একজিমা- আপনার বাবা মায়ের একজিমার সমস্যা আপনাকেও ভুগাতে পারে। ঘনঘন চুলকানি হওয়া, চুলকাতে চুলকাতে চামড়া পুরু করে ফেলা এসবই একজিমার লক্ষণ যা আপনার থাকলে আপনার বাচ্চার হতে পারে।
. সোরিয়াসিস- সোরিয়াসিসে শরীরের কোন একটি নির্দিষ্ট জায়গা সেটি মাথা থেকে পা পর্যন্ত যেকোন জায়গায় হতে পারে সেখানে চামড়া পুরু হয়ে উপরে রূপালী সাদাটে (silvery white scale) খুশকির মত জমে। স্কিন ড্রাই থাকলে এসমস্যা আরও প্রকট হয়। রিসার্চে পাওয়া গিয়েছে এটিও জেনেটিক্যালি ট্রান্সমিট হয়।
. ভিটিলিগো বা শ্বেতী- শ্বেতী বা ধবল রোগীদের ক্ষেত্রেও জিন এর রোল আছে। দেখা যায় এক পরিবারে এক সন্তানের শ্বেতী থাকলে তার অন্য ভাইবোনের হওয়ার সম্ভাবনা শতকরা ৬ ভাগ বেড়ে যায়। যমজদের ক্ষেত্রে এ সম্ভাবনা শতকরা ২৩ ভাগের মত!
. স্কিন ক্যান্সার- কিছু জিন এর কারণে (বিশেষত CDKN2A মিউটেশন ) জিন এর কারনে স্কিন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় যা আমরা বংশ পরম্পরায় পেয়ে থাকি। বাবা মা কারো যদি এই জিন মিউটেশন থেকে থাকে তবে প্রতি সন্তানের শতকরা ৫০ ভাগ সম্ভাবনা থাকে এই জিন পাবার।

. একনে বা ব্রণ- নতুন কিছু গবেষণায় উঠে এসেছে জিনগত কারণে হেয়ার ফলিকলের গড়ন এমন হতে পারে যার ফলে সহজে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, ফলশ্রুতিতে ব্রণ হওয়ার প্রবণতা বেড়ে যায়।
. এলোপেশিয়া বা চুল পড়ে যাওয়া- এন্ড্রোজেনেটিক এলোপেশিয়া খুবই মারাত্মক চুল পড়ার সমস্যা যেখানে জিনগত কারণে খুব অল্প বয়সে চুল পড়তে শুরু করে এবং কোন ঘরোয়া ট্রিটমেন্টেই চুল আগের পর্যায়ে ফিরে যায় না। সাধারণত ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে মা-বাবা, ভাইবোনের পাশাপাশি খালা, মামা, চাচা, ফুফু এদের হেয়ার লস থাকলেও বুঝে নিতে হয় এন্ড্রোজেনেটিক এলোপেশিয়ার ঝুকিতে আপনি আছেন।
জেনেটিক কারণে হওয়ার সম্ভাবনা আছে বলেই আপনার এ অসুখগুলো হবেই বিষয়টি এমন না। আরও ফ্যাক্টরের উপস্থিতিতে এই অসুখগুলো আপনার দেহে উপস্থিতি জানান দিতে পারে কাজেই আপনি বেশি ঝুঁকিতে আছেন মানেই এই না যে এই চর্মরোগগুলো আপনার হবেই।
ডা. তাসনিম তামান্না হক,
আর্মড ফোর্সেস মেডিকেল (এএফএমসি) ঢাকা
চীফ কন্সালটেন্ট (স্কিনেজ ডার্মাকেয়ার)।
আরটিভি/এসকে

