নিজের বাড়তি ওজন ঝেড়ে ফেলে ফিট থাকতে চান অনেকে। এ জন্য অনেকেই খাদ্যতালিকায় রাখেন চিয়া সিড। ওজন কমাতে কার্যকর বলে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং খিদে কমায়। এছাড়া এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের সমস্যা দূর করতে, হৃদরোগ, ক্যানসার ও প্রদাহজনিত রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
তবে যেকোনো কিছু অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর চিয়া সিডও এর ব্যতিক্রম নয়। প্রয়োজনের চেয়ে বেশি খেলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
চিয়া সিড বেশি খেলে যে সমস্যাগুলো হতে পারে:
. পেট ফাঁপা:
অতিরিক্ত চিয়া সিড খেলে অনেক সময় পেট ফুলে যায় বা গ্যাসের সমস্যা দেখা দেয়। কারণ এতে থাকা উচ্চমাত্রার ফাইবার পাকস্থলীতে প্রক্রিয়াকরণে সমস্যা সৃষ্টি করতে পারে।
. পেটে ব্যথা:
চিয়া সিডের অতিরিক্ত গ্রহণে পাচনতন্ত্রে জ্বালা, ব্যথা বা অস্বস্তি হতে পারে।
. ডায়রিয়া:
চিয়া সিডে ফাইবারের পরিমাণ বেশি। তাই অতিরিক্ত খেলে শরীরে ফাইবারের ভারসাম্য নষ্ট হয়ে ডায়রিয়া হতে পারে।
. কোষ্ঠকাঠিন্য:
চিয়া সিড খাওয়ার সময় পর্যাপ্ত পানি না খেলে এটি শরীরের তরল শোষণ করে নেয়। ফলে অন্ত্রে গিয়ে ফুলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি করে।
. বমি বমি ভাব:
অতিরিক্ত খেলে বা হজমে সমস্যা হলে বমি বমি ভাব অনুভূত হতে পারে।
চিয়া সিড খাওয়ার সঠিক নিয়ম:
১. শুরুতে অল্প পরিমাণে খাওয়া উচিত। প্রতিদিন এক গ্লাস পানিতে এক চা চামচ চিয়া সিড যথেষ্ট।
২. পানিতে মেশানোর সঙ্গে সঙ্গে না খেয়ে কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে খেলে হজম সহজ হয়।
৩. চিয়া সিড খাওয়ার সময় পর্যাপ্ত পানি পান করতে হবে, যাতে শরীরের পানির ভারসাম্য ঠিক থাকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিয়া সিড উপকারী হলেও পরিমিত পরিমাণে গ্রহণ করলেই শরীর পাবে এর আসল উপকারিতা। অতিরিক্ত খেলে উপকারের বদলে হতে পারে মারাত্মক অসুবিধা।
আরটিভি/এসকে




