
প্রথম প্রেম—শব্দ দুটির সঙ্গেই জড়িয়ে থাকে একরাশ আবেগ, অপেক্ষা আর পুরোনো স্মৃতি। প্রথমবার কারও বার্তার অপেক্ষায় রাত জাগা, মুঠোফোনের পর্দায় প্রিয় মানুষের নাম ভেসে উঠতেই মন ভালো হয়ে যাওয়া কিংবা তাকে সামনে দেখলেই বুক ধড়ফড় করা—এসব অনুভূতি জীবনের পরবর্তী সময়ে অনেক সম্পর্ক এলেও সহজে মুছে যায় না।
সম্পর্ক বদলায়, মানুষ বদলায়, জীবনের পথও কখনো আলাদা হয়ে যায়। তবু নির্জন কোনো মুহূর্তে হঠাৎ মনে পড়ে যেতে পারে সেই প্রথম ভালোবাসার কথা। প্রশ্ন হলো, কেন প্রথম প্রেমের স্মৃতি এতটা গভীরভাবে মনের মধ্যে থেকে যায়?
মনোবিদদের মতে, প্রথম প্রেমের আগে মানুষের ঘনিষ্ঠ সম্পর্কের পরিধি মূলত পরিবার ও বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। প্রথমবার যখন কেউ রোমান্টিক সম্পর্কে জড়ায়, তখন মস্তিষ্কের জন্য সেটি সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। প্রথমবার কারও প্রিয় মানুষ হওয়ার আনন্দ যেমন তীব্র হয়, তেমনি প্রথমবার ভালোবাসা হারানোর কষ্টও গভীরভাবে মনে দাগ কাটে।
মস্তিষ্ক আগে কখনো এমন অনুভূতির মুখোমুখি না হওয়ায় এই নতুন অভিজ্ঞতার ছাপ স্মৃতিতে শক্তভাবে গেঁথে যায়। তাই বহু বছর পরেও প্রথম প্রেমের সঙ্গে জড়িয়ে থাকা ছোট ছোট ঘটনাগুলো হঠাৎ মনে পড়ে যেতে পারে।
প্রথম প্রেম নয়, কখনো মিস করি নিজেকেই
অনেক সময় মানুষ আসলে তার প্রথম প্রেমকে নয়, সেই সময়ের নিজেকেই মনে করে। প্রথম প্রেমের সময় জীবনে থাকে অনেক বেশি স্বপ্ন, উচ্ছ্বাস আর নির্ভার মুহূর্ত। তখন জীবনের নানা জটিলতা ও বাস্তবতার চাপও তুলনামূলক কম থাকে।
বছরের পর বছর পেরিয়ে সেই মানুষটির কথা মনে পড়ার অর্থ অনেক সময় নিজের জীবনের সেই সহজ-সরল সময়টাকেও মনে করা। অর্থাৎ হারিয়ে যাওয়া মানুষটির পাশাপাশি হারিয়ে যাওয়া নিজের একটি সময়কেও যেন ফিরে পেতে চায় মন।
প্রথম স্মৃতির গুরুত্বও অনেক
প্রথম দেখা, প্রথম উপহার, একসঙ্গে তোলা প্রথম ছবি, প্রথম অভিমান কিংবা প্রথম ঝগড়া—প্রথমবারের অভিজ্ঞতাগুলো মস্তিষ্কে বিশেষভাবে জায়গা করে নেয়। তাই অনেক বছর পরেও পুরোনো কোনো গান, পরিচিত কোনো গন্ধ কিংবা কোনো একটি রাস্তা হঠাৎ করে ফিরিয়ে আনতে পারে সেই সময়ের স্মৃতি।
এক মুহূর্তেই মনে হতে পারে, বহু বছর আগের সেই দিনটি যেন আবার সামনে এসে দাঁড়িয়েছে।
জীবনের গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গী
বেশিরভাগ মানুষের জীবনে প্রথম প্রেম আসে স্কুল, কলেজ কিংবা কর্মজীবনের শুরুর সময়ে। এই সময়টিই নিজের পরিচয়, স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে ভাবনার গুরুত্বপূর্ণ অধ্যায়।
জীবনের এমন একটি পরিবর্তনশীল সময়ে কেউ পাশে থাকলে তার সঙ্গে সেই সময়ের স্মৃতিও জড়িয়ে যায়। ফলে সম্পর্কটি পরিণতি না পেলেও সেই মানুষটির সঙ্গে জীবনের একটি বিশেষ অধ্যায়ের যোগসূত্র থেকে যায়।
প্রথম প্রেম সবসময় জীবনের শেষ প্রেম হয় না। অনেকের জীবনে পরবর্তী সময়ে আরও গভীর ও পরিণত সম্পর্ক আসে। তবু প্রথম ভালোবাসার অনুভূতিটি আলাদা হয়ে থাকে। কারণ সেটি শুধু একজন মানুষকে ভালোবাসার স্মৃতি নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে জীবনের প্রথম বড় আবেগ, প্রথম অপেক্ষা, প্রথম অভিমান এবং জীবনের একটি নির্দিষ্ট সময়ের নিজেকেও ফিরে পাওয়ার অনুভূতি।
তাই সময় পেরিয়ে গেলেও প্রথম প্রেমের স্মৃতি পুরোপুরি মুছে যায় না। কখনো তা ভালোবাসার মানুষটির জন্য, আবার কখনো নিজের ফেলে আসা দিনগুলোর জন্য মনে থেকে যায়।
আরটিভি/জেএমএ



