
রান্নাঘরে অসাবধানতায় দুধ পুড়ে ডেকচি বা কড়াই বা পাতিল কালো হয়ে যাওয়া খুবই পরিচিত ঘটনা। পোড়া দাগ তুলতে ঘণ্টার পর ঘণ্টা ঘষাঘষি করেও অনেক সময় মেলে না সমাধান। তবে ঘরে থাকা কয়েক টুকরো বরফেই নাকি মিলতে পারে সহজ উপায়।
রান্না চাপিয়ে রেখে অন্য কোনও জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়লে এমনটা হতেই পারে। একটু অসাবধানতায় কড়াই পুড়ে যাওয়া কিংবা দুধের ডেকচির তলায় কালো দাগ পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। রান্না আবার করা গেলেও পোড়া বাসন পরিষ্কার করাই হয়ে ওঠে সবচেয়ে ঝামেলার কাজ।
অনেক সময় সাবান দিয়ে বারবার ঘষেও একগুঁয়ে পোড়া দাগ তুলতে বেশ বেগ পেতে হয়। তবে সহজ একটি কৌশল কাজে লাগিয়ে এই দাগ দূর করা সম্ভব বলে জানা যায়। এ ক্ষেত্রে কাজে আসতে পারে ফ্রিজে রাখা বরফ।
পোড়া বাসন পরিষ্কার করতে প্রথমে যে কড়াই বা ডেকচিটি বা পাতিল পুড়ে গেছে, তার মধ্যে কয়েক টুকরো বরফ দিন। এরপর এতে সামান্য লবণ ও ভিনেগার মিশিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিন। একটি খুন্তির সাহায্যে মিশ্রণটি নেড়ে দিন।
প্রায় পাঁচ মিনিটের মধ্যেই পোড়া দাগ আলগা হতে শুরু করবে। এরপর মিশ্রণটি ফেলে দিয়ে সাবান দিয়ে আলতোভাবে বাসনটি ঘষে নিলেই দাগ পরিষ্কার হয়ে যাবে।
ঘরের ছোটখাটো নানা কাজে বরফ ব্যবহার করা যায়। কোথাও আঘাত পেলে বরফের সেঁক যেমন আরাম দিতে পারে, তেমনি রান্নাঘরেও পোড়া বাসনের একগুঁয়ে দাগ পরিষ্কারে এই সহজ কৌশলটি কাজে লাগানো যেতে পারে।
আরটিভি/জেএমএ


