
রান্নায় রসুনের স্বাদ ও সুবাস পছন্দ করেন না—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ডাল, ভাজি থেকে শুরু করে মাংসের ঝোল—বিভিন্ন রান্নায় রসুন খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। বাজার থেকে রসুন কিনে খাওয়ার পাশাপাশি চাইলে বাড়ির বারান্দা, ছাদ কিংবা ছোট বাগানের টবেও রসুন চাষ করা যায়।
রসুন চাষে খুব বেশি জায়গা বা জটিল যত্নের প্রয়োজন হয় না। সঠিক বীজ, উপযুক্ত মাটি, নিয়মিত পরিচর্যা এবং সঠিক সময়ে রসুন তুলে নিলেই ঘরেই ফলানো সম্ভব টাটকা রসুন।
প্রথমেই বেছে নিন ভালো কোয়া
রসুন চাষের শুরুতেই ভালো মানের কোয়া নির্বাচন করা জরুরি। সাধারণ বাজার বা বড় দোকান থেকে কেনা রসুন চাষের জন্য ব্যবহার না করাই ভালো। কারণ দীর্ঘদিন সংরক্ষণের জন্য এসব রসুনে কখনো কখনো এমন উপাদান ব্যবহার করা হতে পারে, যা অঙ্কুর গজাতে দেরি করায়।
চাষের জন্য নার্সারি বা বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে ভালো মানের রসুনের বীজ সংগ্রহ করা ভালো।
আবহাওয়া অনুযায়ী জাত বেছে নিন
ঠান্ডা আবহাওয়ার জন্য শক্ত ডাঁটার জাতের রসুন উপযোগী। এই জাতের কোয়া সাধারণত বড় হয়। অন্যদিকে তুলনামূলক উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য নরম ডাঁটার জাতের রসুন বেশি উপযোগী।
রসুনের কোয়া রোপণের উপযুক্ত সময় সাধারণত শরৎকাল বা শীতের শুরু। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কোয়া পুঁতে দিলে শীতের তীব্রতা বাড়ার আগেই শিকড় মজবুত হওয়ার সুযোগ পায়।
টবের মাটি হতে হবে ঝুরঝুরে
রসুন চাষের জন্য এমন মাটি দরকার, যাতে সহজে পানি বের হয়ে যেতে পারে। ঝুরঝুরে ও পুষ্টিগুণসমৃদ্ধ মাটির সঙ্গে ভালো মানের জৈব সার বা কম্পোস্ট মিশিয়ে নিতে হবে।
টবে পানি জমে থাকলে রসুনের শিকড় পচে যেতে পারে। তাই টবের নিচে পানি বের হওয়ার জন্য পর্যাপ্ত ছিদ্র থাকা জরুরি।
কোয়া পোঁতার নিয়ম
রসুন পোঁতার ঠিক আগে কোয়াগুলো আলতো করে আলাদা করে নিতে হবে। তবে কোয়ার গায়ের শুকনো খোসা পুরোপুরি তুলে ফেলা যাবে না।
বড় ও স্বাস্থ্যকর কোয়া বেছে নিয়ে প্রতিটি কোয়া প্রায় ২ ইঞ্চি গভীরে পুঁতে দিতে হবে। এক কোয়া থেকে আরেক কোয়ার দূরত্ব রাখতে হবে অন্তত ৫ ইঞ্চি।
কোয়ার সূঁচালো দিকটি ওপরের দিকে এবং চ্যাপ্টা গোড়ার অংশটি নিচের দিকে রেখে মাটিতে বসাতে হবে। এরপর হালকা করে মাটি চাপা দিতে হবে।
কোয়া পোঁতার পর দিতে হবে শুকনো পাতার আস্তরণ
রসুনের কোয়া পোঁতার পর মাটির ওপর শুকনো পাতা বা খড়ের একটি মোটা আস্তরণ দেওয়া যেতে পারে। এতে মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অতিরিক্ত ঠান্ডায় মাটি শক্ত হয়ে যাওয়া এবং আগাছা জন্মানোও কিছুটা কমে।
অঙ্কুর বের হলে নিয়মিত পানি দিন
শীত শেষ হওয়ার পর মাটি থেকে সবুজ অঙ্কুর বের হতে শুরু করলে নিয়মিত পানি দিতে হবে। সপ্তাহে মোটামুটি এক ইঞ্চি পানির প্রয়োজন হতে পারে।
তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। টবে পানি জমে গেলে রসুনের শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে।
আগাছা নিয়মিত পরিষ্কার করুন
রসুনের শিকড় মাটির তুলনামূলক ওপরের দিকে থাকে। তাই টবের আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে। আগাছা থাকলে তা মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি নিয়ে নিতে পারে।
ফুলের ডাঁটা বের হলে কেটে দিন
গরমের শুরুতে রসুন গাছের মাথায় প্যাঁচানো ডাঁটা বা ফুলের ডাঁটা বের হতে পারে। এগুলো দেখা গেলে গোড়া থেকে কেটে দেওয়া যায়। এতে গাছের শক্তি রসুনের কোয়া বড় হওয়ার দিকে যেতে সাহায্য করতে পারে।
কখন রসুন তুলবেন
রসুন তোলার সঠিক সময় বোঝার সহজ উপায় হলো গাছের পাতার দিকে খেয়াল করা। রসুনের নিচের দিকের পাতাগুলো শুকিয়ে বাদামি হতে শুরু করলে এবং ওপরের তিন থেকে চারটি পাতা সবুজ থাকলে রসুন তোলার সময় হয়েছে বলে ধরে নেওয়া যায়।
বর্ষার ঠিক আগে বা গ্রীষ্মের শেষের দিকে অনেক ক্ষেত্রে রসুন তোলার উপযুক্ত সময় আসে।
সাবধানে তুলতে হবে রসুন
রসুন তোলার সময় গাছ ধরে জোরে টান দেওয়া ঠিক নয়। এতে রসুনের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বরং ছোট ধাতব সরঞ্জাম দিয়ে গোড়ার মাটি আলগা করে গাছসহ আস্ত রসুন তুলে আনতে হবে।
তোলার পর ধুয়ে ফেলবেন না
রসুন তোলার পর সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। শুকনো নরম কাপড় বা ব্রাশ দিয়ে গায়ে লেগে থাকা মাটি পরিষ্কার করে নিতে পারেন।
এরপর বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত জায়গায় রসুনগুলো তিন থেকে চার সপ্তাহ ঝুলিয়ে রাখতে হবে। এতে রসুন ভালোভাবে শুকিয়ে সংরক্ষণের উপযোগী হবে।
শুকিয়ে গেলে সংরক্ষণ করুন
রসুনের বাইরের খোসা পুরোপুরি শুকিয়ে মচমচে হয়ে গেলে গোড়ার শিকড় ও ডাঁটা কাঁচি দিয়ে ছেঁটে নিতে পারেন। এরপর ঝুড়ি বা জালের ব্যাগে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়।
অল্প জায়গা থাকলেও তাই রসুন চাষের সুযোগ রয়েছে। সঠিক কোয়া, ঝুরঝুরে মাটি, পর্যাপ্ত পানি ও নিয়মিত পরিচর্যা থাকলে বাড়ির টবেই ফলানো সম্ভব টাটকা রসুন।
আরটিভি/জেএমএ
