ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম
লিফটের বদলে নিয়মিত সিঁড়ি ব্যবহার করলে দৈনন্দিন জীবনে শরীরচর্চা বাড়ানোর পাশাপাশি হৃদ্‌স্বাস্থ্যের জন্যও উপকার মিলতে পারে। ছবি: সংগৃহীত

শরীরচর্চার জন্য আলাদা করে সময় বের করা অনেকের পক্ষেই কঠিন। তবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই যদি শরীরচর্চা হয়ে যায়, তাহলে বিষয়টি সহজ হয়ে ওঠে। যেমন লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা। নতুন এক গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, নিয়মিত সিঁড়ি দিয়ে ওঠানামা করা হৃদযন্ত্র ও রক্তনালির স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।

২০২৬ সালের ১৩ আগস্ট আমেরিকান জার্নাল অব কার্ডিওভাসকুলার ড্রাগস-এ প্রকাশিত একটি গবেষণা পর্যালোচনা ও একাধিক গবেষণার সমন্বিত বিশ্লেষণে সিঁড়ি ভাঙার সঙ্গে হৃদরোগের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে।

প্রায় ৫ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ

গবেষকেরা আগের নয়টি গবেষণার তথ্য বিশ্লেষণ করেন। এসব গবেষণায় ৩৫ থেকে ৮৪ বছর বয়সী মোট ৪ লাখ ৮০ হাজার ৪৭৯ জন মানুষ ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৩ শতাংশ ছিলেন নারী।

গবেষণায় সুস্থ মানুষ যেমন ছিলেন, তেমনি আগে হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিরাও ছিলেন। কারও আগে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস ছিল, আবার কারও হৃদ্‌যন্ত্র থেকে পায়ের দিকে রক্ত বহনকারী ধমনিতে সংকোচন ছিল।

গবেষকেরা নিয়মিত সিঁড়ি ওঠার সঙ্গে হৃদ্‌রোগ, মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা, হৃদ্‌যন্ত্রের দুর্বলতা এবং হৃদ্‌রোগজনিত মৃত্যুর সম্পর্ক খতিয়ে দেখেন। পাশাপাশি যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকিও বিবেচনায় নেওয়া হয়।

হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি কম ৩৯ শতাংশ

গবেষণার তথ্য অনুযায়ী, যারা নিয়মিত সিঁড়ি ওঠেন, তাদের গবেষণার নির্দিষ্ট সময়ের মধ্যে হৃদ্‌যন্ত্র ও রক্তনালিসংক্রান্ত সমস্যায় মৃত্যুর ঝুঁকি সিঁড়ি না ওঠা ব্যক্তিদের তুলনায় ৩৯ শতাংশ কম ছিল।

এছাড়া যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকিও ২৪ শতাংশ কম দেখা গেছে।

শুধু মৃত্যুর ঝুঁকিই নয়, নিয়মিত সিঁড়ি ওঠা ব্যক্তিদের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া, মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং হৃদযন্ত্রের দুর্বলতার ঘটনাও তুলনামূলকভাবে কম ছিল।

প্রতিদিন কত ধাপ সিঁড়ি উঠতে হবে

গবেষণায় প্রতিদিন ঠিক কত ধাপ বা কত তলা সিঁড়ি ওঠা উচিত, তার নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারণ করা হয়নি।

তবে গবেষণাটি এমন একটি বিষয় সামনে এনেছে যে, দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মাধ্যমেও শরীরের পরিশ্রম বাড়ানো সম্ভব। অল্প সময়ের জন্য হলেও হৃদস্পন্দন বাড়ায়—এমন সাধারণ শারীরিক কর্মকাণ্ড নিয়মিত করলে হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকার হতে পারে।

তাই সুযোগ পেলেই লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা যেতে পারে। একবারে বেশি সিঁড়ি ওঠার প্রয়োজন নেই। দিনের বিভিন্ন সময়ে কয়েক তলা করে সিঁড়ি ওঠানামা করলেও তা নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের অংশ হয়ে উঠতে পারে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি

গবেষণাটি পর্যবেক্ষণভিত্তিক। অর্থাৎ যারা সিঁড়ি ওঠেন, তাদের মধ্যে হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি কম—এমন সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু শুধু সিঁড়ি ওঠার কারণেই মৃত্যুর ঝুঁকি কমেছে, তা এই গবেষণা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি।

তবু দৈনন্দিন জীবনে শরীরচর্চা বাড়ানোর সহজ উপায় হিসেবে সিঁড়ি ব্যবহারের গুরুত্বকে গবেষণাটি আরও জোরালো করেছে। তাই শরীরচর্চার সুযোগ তৈরি করতে প্রতিদিনের যাতায়াতেই ছোট পরিবর্তন আনা যেতে পারে—লিফটের বদলে সিঁড়ি বেছে নেওয়া তারই একটি সহজ উপায়।

সূত্র: হার্ভার্ড

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েন।
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
লো প্রেশার থাকলে ব্যায়ামের আগে জানুন এই সতর্কতা 
ব্যায়াম শরীর সুস্থ রাখার অন্যতম উপায়। তবে যাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার স্বাভাবিকের তুলনায় কম বা লো, তাদের ক্ষেত্রে ব্যায়ামের সময় কিছুটা বাড়তি সতর্কতা প্রয়োজন।
লো প্রেশার থাকলে ব্যায়ামের আগে জানুন এই সতর্কতা 
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
গর্ভাবস্থায় অনেক নারী হঠাৎ কিছু বিষয় ভুলে যাওয়ার সমস্যায় পড়েন।
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
কোষ্ঠকাঠিন্য হলেই অনেকের মনে পড়ে ইসবগুলের ভুসির কথা। পানিতে মিশিয়ে খাওয়া পরিচিত এই খাবারটি দীর্ঘদিন ধরে পেট পরিষ্কার রাখতে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইসবগুলের উপকারিতা শুধু কোষ্ঠকাঠিন্য দূর করার মধ্যেই সীমাবদ্ধ নয়।
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
বয়সের ছাপ কমানো থেকে শুরু করে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ—বিভিন্ন কারণে বোটক্স ব্যবহার করা হয়।
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো