বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল এন এস নয়েনদেভ সিংহ বেনাপোল চেকপোস্ট দিয়ে ঘোড়া ও কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াগুলো সেনাবাহিনীর গার্ড অব অনার প্রদানের কাজে ও কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত কাজে ব্যবহার করা হবে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে ঘোড়া ও কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। পরে আজ সকাল সাড়ে ১১টায় পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঘোড়া ও কুকরগুলো হস্তান্তর করা হয়। দ্বিতীয় চালানের ঘোড়া ও কুকুরগুলো আজ বাংলাদেশে এলো।
এর আগে গত বছরের ৭ ডিসেম্বরে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিল ভারত। পরে সেনাবাহিনীর ট্রাক যোগে ঘোড়া ও কুকুরগুলো ঢাকা সেনানিবাসের উদ্দেশ্যে রওনা দেয়।
জিএম/জিএ




