
বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের স্কুলের জন্য বরাদ্দ জমিতে পুরান ঢাকার দাপুটে সংসদ সদস্য হাজী সেলিমের গড়ে তোলা মদিনা ফিলিং স্টেশনের একাংশ উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। আজ সোমবার (৭ ডিসেম্বর) সকালে লালবাগের কামালবাগ এলাকায় বুড়িগঙ্গার তীর ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভ্রাম্যমাণ আদালত।
প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ভাংচুরের পর উচ্ছেদ অভিযান দলটি বিকাল সাড়ে ৩টার দিকে মদিনা ফিলিং স্টেশনের সামনে পৌঁছে। সেখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফিলিং স্টেশনের পূর্বপাশের গাড়ি ধোওয়ার একটি ছাউনি এবং পশ্চিম পাশে গাড়ি মেরামতের একটি টিনশেড ঘর ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় হাজী সেলিমের দখলে থাকা একটি গুদাম ঘর।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ফিলিং স্টেশনের যতটুকু বিআইডব্লিউটিএর সীমানায় পড়েছে ততটুকু ভেঙে দেওয়া হচ্ছে। এ সময় হাজী সেলিমের লোকজন ফিলিং স্টেশনে থাকলেও তারা কোনো ধরনের প্রতিবাদ করেননি।
ফিলিং স্টেশনের সামনের দিকের পাম্পের শেডটি (গাড়িতে তেল ভরা হয় যেখান থেকে) উচ্ছেদ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, এখানে বিস্ফোরক অর্থাৎ তৈল জাতীয় পদার্থ রয়েছে তাই ভাঙা হয়নি। উনারা নিজেই ভেঙ্গে নেবেন বলে জানিয়েছেন।
রেজাউল করিম জানান, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য স্কুল ভবন ও বধির কমপ্লেক্স নির্মাণে ২০০৫ সালে লালবাগের কামালবাগ এলাকায় ১ একর জমি বরাদ্দ দিয়েছিল জেলা প্রশাসন। জমিটি সরকারের অকৃষি খাসজমি। এই জমিই ২০০৮ সালে দখলে নিয়ে হাজী সেলিম মদিনা ফিলিং স্টেশন গড়ে তোলেন বলে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা জানায়।
উল্লেখ্য, গতকাল রোববার (৬ ডিসেম্বর) পুরান ঢাকার সোয়ারিঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ওই এলাকায় মোট ১৬৫টি অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। ঢাকার চারপাশের নদ-নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুনর্দখল রোধে একের পর এক অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ।
কেএফ




