
আতশবাজির মধ্য দিয়ে শেষ হলো আরটিভি’র বিজয় উৎসব। রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে দুপুর ৩টায় শুরু শুরু হয় এই অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বিজয় দিবসের ৫০ বছরে পদার্পণ উপলক্ষ্যে এই আয়োজন করে আরটিভি।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু বিজয় উৎসব অনুষ্ঠান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে কণ্ঠ মেলান অতিথিরা। বিজয়ের মাহেন্দ্রক্ষণকে রাঙিয়ে তুলতেই আট ঘণ্টার বেশি সময়ের এই আয়োজন।
এম্ফিথিয়েটারের রঙিন মঞ্চ একের পর এক নাচ আর গান পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়েছে। জল-মাটি-মানুষ-জীবন আর মেহনতী মানুষের গান গেয়ে মঞ্চ মাতিয়েছে ব্যান্ডদল জলের গান। শুধু জলের গান নয়, বেশ কয়েকটি ব্যান্ড দলের পরিবেশনা ছিল আরটিভির বিজয় উৎসবে।
কবিরুল ইসলাম রতনের দল, বাফার দলীয় নাচ, গীতাঞ্জলি, সুমন ও তার দল, ফেরদৌস আরা ও তার দলের নাচের তাল আর ছন্দে মেতেছে দর্শক-শ্রোতারা। অনুষ্ঠানে সংসদ সদস্য ও মন্ত্রী, সংস্কৃতি অঙ্গনের রথী-মহারথীরাসহ বিভিন্ন ভিআইপিরা উপস্থিত ছিলেন।
এছাড়া বেঙ্গল গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ ও আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন এবং আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় আরটিভি ও আরটিভি ফেসবুক পেজে।
এসএস




